২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানাকে গ্রেপ্তারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সাভারের ধসে পড়া ভবন মালিক সোহেল রানাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2013, 11:33 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

তার প্রেস সচিব আবুল কালাম আজাদ শুক্রবার বলেন, “রানা প্লাজার মালিক সোহেল রানা ও ওই ভবনের পাঁচটি পোশাক কারখানার মালিকদের অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।”  

বুধবার সকালে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজায় ধসের ঘটনায় নিহতের সংখ্যা ২৯০ ছাড়িয়ে গেছে। শুক্রবার সেখানে তৃতীয় দিনের উদ্ধার অভিযান চলছে।

পৌর যুবলীগ নেতা সোহেল রানার মালিকানাধীন ওই ভবনে মঙ্গলবার ফাটল দেখা দিলে শিল্প পুলিশ ভবনে কাজ বন্ধ করতে বললেও বুধবার সকালে কারখানাগুলোতে কাজ শুরু হয়। বেঁচে আসা শ্রমিকদের অভিযোগ, তাদের কারখানায় ঢুকতে বাধ্য করা হয়েছিল।

নয় তলা ওই ভবনের দোতলা পর্যন্ত ছিল দোকান। ওপরে ছিল পোশাক কারখানা। ওই ভবনের কারখানাগুলোর মধ্যে নিউ ওয়েভ বটমস ও নিউ ওয়েভ স্টাইলের মালিক মাহবুবুর রহমান তাপস ও বজলুস সামাদ আদনান। ফ্যান্টম অ্যাপারেলস ও ট্যাকের মালিক মো. আমিনুল ইসলাম। আর ইথারটেক্সের মালিক মো. আনিসুর রহমান।

এরই মধ্যে এ ঘটনায় ঘটনায় রানা ও গার্মেন্ট মালিকদের আসামি করে বুধবার রাতে পুলিশ ও রাজউকের পক্ষ থেকে সাভার মডেল থানায় দুটি মামলা করা হয়। এছাড়া হাইকোর্ট তাদের আগামী ৩০ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার সংসদে এক বিবৃতিতে প্রধানমন্ত্রীও ঝুকিপূর্ণ জানা সত্ত্বেও যারা শ্রমিকদের ঢুকিয়েছে, কাজ করতে বাধ্য করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন।

তবে রানা প্লাজার মালিক সোহেল রানা সাভার ‍যুবলীগ কমিটিতে নেই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তার কাছে সাভার যুবলীগ কমিটির তালিকা রয়েছে। সেখানে রানার নাম নেই।

রানা যে দলেরই হোক তাকে ছাড় দেয়া হবে না বলে ঘোষণা দেন তিনি।

অবশ্য নিজেকে পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে তুলে ধরে রানা কিছুদিন আগেও সাভারে অনেক পোস্টার সাঁটিয়েছিলেন, যাতে স্থানীয় সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদের ছবি রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সোহেল রানাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। ওই নির্দেশের ২৪ ঘণ্টা পেরোলেও তাকে গ্রেপ্তার করা যায়নি।

পুলিশ বলছে, তারা অভিযোন চালিয়ে যাচ্ছেন।

এদিকে রানার অনুপস্থিতিতেই তার বাড়ির মালামাল সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে তার কর্মচারীরা, যারা রানার নির্দেশে মালামাল নিয়ে যাওয়ার কথা স্বীকার করলেও কোথায় নেয়া হচ্ছে তা বলতে অপারগতা জানান।

পুরনো খবর:

জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: প্রধানমন্ত্রী 
রানাকে গ্রেপ্তারের নির্দেশ মন্ত্রীর
বাড়ি থেকে মালামাল সরাচ্ছেন রানা