২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: প্রধানমন্ত্রী 

শ্রমিকদের জোর করে গার্মেন্টে ঢোকানো হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জড়িতরা যেখানেই থাকুক খুঁজে বের করে শাস্তি দেয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 04:43 PM

Updated : 25 Apr 2022, 06:39 PM

একই সঙ্গে তিনি শ্রমিকদের ধ্বংসাত্মক কার্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

জাতীয় সংসদের বৃহস্পতিবারের অধিবেশনে সাভারের এই মর্মান্তিক ঘটনার ওপর এক বিবৃতিতে শেখ হাসিনা বলেন, “এর মালিক শ্রমিকদের জোর করে ঢুকিয়েছে। একটা পিলার ভেঙে গেছে জেনেও। এটা ঝুকিপূর্ণ জানা সত্ত্বেও শ্রমিকদের ঢুকিয়েছে। কে ঢুকিয়েছে, কারা ঢুকিয়েছে- সেগুলো আমরা বের করেছি।”

“তাকে খুঁজে বের করছি। যেখান থেকে হোক একে খুঁজে বের করব। তাকে আমরা শাস্তি দেবই। যে মালিকরা শ্রমিকদের কাজে বাধ্য করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।”

মঙ্গলবার রানা প্লাজায় ফাটল ধরার পর ওই ভবনে থাকা পাঁচটি পোশাক কারখানা বন্ধ করে দেয়া হয়। কিন্তু বুধবার সকালে গার্মেন্ট মালিকরা ফাটল ধরা ভবনেই শ্রমিকদের কাজ শুরু করতে বাধ্য করেন বলে অভিযোগ করেছেন বেঁচে ফিরে আসা অনেকেই।

ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা ইতোমধ্যে আড়াইশ’ ছাড়িয়ে গেছে।

এ ঘটনাকে ‘মহাবিপদ’ হিসাবে অভিহিত করে তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, “কষ্টটা আমাদের সকলের। অতিরিক্ত সেন্টিমেন্টাল হয়ে যারা ভাংচুর করছে, এতে করে লাভ হবে? বরং উদ্ধার কাজ ব্যাহত হবে।”

সাভারের ধসে পড়া রানা প্লাজার মালিক স্থানীয় যুবলীগ নেতা সোহেল রানা, যাকে ইতোমধ্যে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে।

তবে রানা প্লাজার মালিক সোহেল রানা সাভার ‍যুবলীগ কমিটিতে নেই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমি সাভারের যুবলীগের কমিটির নাম নিয়ে এসেছি। সেখানে রানার নাম নাই।”

রানা প্লাজা ২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে নির্মিত হয়েছে জানিয়ে সংসদ নেতা বলেন, “ক্ষমতায় এলে সবাই সরকারি দলের হয়ে যায়। কে কোন দল তা আমার কাছে বড় কথা না। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, সে যে দলের হোক, আমাদের দলের হলেও ছাড়ব না। দলের দোহাই দিয়ে কেউ পাড় পাবে না।”

যারা মারা গেছেন, তাদের পরিবার যেনো অসহায় হয়ে না পড়ে সে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন শেখ হাসিনা।

সন্ধ্যা ৭টার কিছু পরে তার এই বিবৃতি দেয়া শুরু করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, এই পর্যন্ত ২২১০ জনকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে মৃত ২১০ জন এবং এক হাজার ৪০২ জন আহত।

সাভারের ওই এলাকায় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের না যাওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বিরোধীদলীয় নেতা সেখানে গেছেন। উনি যতক্ষণ সেখানে ছিলেন, ততক্ষণ উদ্ধার কাজ বন্ধ ছিল। ভিআইপি মুভমেন্ট হলে প্রসাশন ব্যস্ত হয়ে পড়ে। হাজার হাজার মানুষ জড়ো হয়ে পড়ে।”

হরতাল প্রত্যাহার করায় বিরোধীদলকে আবারো ধন্যবাদ জানান শেখ হাসিনা।

রানা প্লাজা ধসে পড়ার ২০ মিনিটের মধ্যে উদ্ধার কাজ শুরু হওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “পৃথিবীর ইতিহাসে এতো দ্রুত কেউ উদ্ধার করেছে কি না বলতে পারব না।”

এজন্য তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সেনা বাহিনীসহ উদ্ধার তৎপরতায় অংশ নেয়া সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি চিকিৎসক, ওষুধ কোম্পানি, ব্যবসায়ীসহ যারা সহায়তায় এগিয়ে এসেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান।