২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন ধস: রংপুরের ৭ শ্রমিক নিহত, নিখোঁজ ৩৩

সাভারে বহুতল ভবন ধসে নিহতদের মধ্যে রংপুরের মিঠাপুকুর উপজেলার সাতজন রয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রংপুর,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 05:31 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

দুর্ঘটনায় ওই উপজেলার আরো ৩৩ জন নিখোঁজ হওয়ার কথা তাদের স্বজনরা প্রশাসনকে জানিয়েছেন।

মঙ্গলবার ফাটল ধরার পর বুধবার সকালে ধসে পড়ে সাভার বাসস্ট্যান্ড এলাকার নয় তলা ‘রানা প্লাজা’, যার চারটি তলায় পাঁচটি পোশাক কারখানায় প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করছিলেন ঘটনার সময়। 

দেশের ইতিহাসে ভয়াবহতম ভবন ধসের ওই ঘটনার পর সাভারে ৩০ ঘণ্টার উদ্ধার অভিযানে দেড় হাজারের মতো মানুষকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। আর নিহতের সংখ্যা দুইশ ছাড়িয়েছে।

মিঠাপুকুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিখোঁজদের মধ্যে ওই উপজেলার সাত জনের কথা নিশ্চিত হওয়া গেছে।

এরা হলেন, দুর্গাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের সোহরাব হোসেনে মেয়ে আরজিনা বেগম (২৭), খোড়াগাছ ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের বাদশা মিয়ার মেয়ে রাবেয়া বেগম লাইজু (২৫), বড় হযরতপুর ইউনিয়নের রামরায়েরপাড়া গ্রামের দুলালী বেগম (৩২), বালাহাট ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের আনছার আলীর ছেলে মোর্শেদুল ইসলাম (২২), বালারহাট কঞ্চিপাড়া গ্রামের নেহাজল ইসলামের স্ত্রী শ্যামলী বেগম (৩২), ভাংনী ইউনিয়নের শেরপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে শফিকুল ইসলাম (২৮) ও ময়েনপুর ইউনিয়নের ফুলচৌকি গ্রামের সুশীলের ছেলে বুলু(৩০)। 

বিকালে আরজিনা, দুলালী ও রাবেয়ার লাশ দাফন করা হয় বলে জানান ওসি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন অর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রানা প্লাজা ধসের ঘটনায় ৩৩ জন নিখোঁজ রয়েছে বলে তাদের স্বজনরা জানিয়েছেন। এদের মধ্যে ভাংনী ইউনয়নে ১০, ময়েনপুরে ৪, বড়হযরতপুরে ১৫, রানীপুকরে ৪ জন রয়েছেন।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়াম্যানরা তাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ইউএনও আরো বলেন, উপজেলার দুই শতাধিক নারী-পুরুষ সাভারের বিভিন্ন তৈরি পোশাক কারখানায় কাজ করেন, অধিকাংশেরই কর্মস্থলই রানা প্লাজায়।

জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ বলেন, নিহতদের প্রত্যেকের পরিবারকে দাফন কাজের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেয়া হয়েছে।

গত বছরের নভেম্বরে আশুলিয়ায় তাজরিন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের মধ্যে ৩৯ জনই ছিলেন মিঠাপুকুর উপজেলার।