রানা প্লাজা নির্মাণে অনিয়ম খতিয়ে দেখবে দুদক
সাভারে ধসে পড়া রানা প্লাজা নির্মাণে অনুমোদনের বিষয়ে অনিয়ম খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক সচিব ফয়জুর রহমান চৌধুরী বলেন,“ সাভারে যা ঘটেছে তা আমাদের সবার জন্যই দু:খজনক। ধসে পড়া রানা প্লাজা নির্মাণে অনুমোদন ব্যাবস্থাপনার ক্ষেত্রে কতটুকু অনিয়ম হয়েছে, কারা এর সাথে যুক্ত, তা অনুসন্ধান না করে বলা সম্ভব নয়। এখন এইটুকু বলতে পারি, দুদক এ বিষয়টি খতিয়ে দেখবে।”
অনিয়মের যথাযথ প্রমাণ পাওয়া গেলে ভবনের মালিক, অভিযুক্ত সরকারি কর্মকর্তা, রাজউক এবং স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার ফাটল ধরার পর বুধবার সকালে ধসে পড়ে সাভারের বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা। সাভারের যুবলীগ আহ্বায়ক সোহেল রানার মালিকানাধীন এই ভবনে পাঁচটি গার্মেন্ট কারখানা ছিল। ধসে পড়ার সময় ওই কারখানাগুলোতে শ্রমিকরা কাজ করছিলেন।
বুধবার ঘটনাস্থল পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, ওই ভবনের অনুমোদন ছিল না।
সাভারের এই ভবনটি অনুমোদনের বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং সাভার পৌরসভা উভয়েরই দায়িত্ব থাকলেও রাজউকের সাভার অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হেলাল আহমেদ জানিয়েছেন, রানা প্লাজার নকশা অনুমোদনের জন্য রাজউকে যোগযোগ করা হয়নি, সাভার পৌরসভা থেকে অনুমোদন করেছে।
অবশ্য সাভার পৌরসভার উপসহকারী প্রকৌশলী আব্দুল হালিম দাবি করছেন, ওই ভবনটি ছয় তলার অনুমোদন ছিল, কিন্তু তাদের না জানিয়ে ভবনটি উঁচু করা হয়েছে।
