২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হেফাজতের পিকআপে আগুন

নগরীর লালখান বাজার এলাকায় হেফাজতে ইসলামের রেসালত সম্মেলনের প্রচারণায় ব্যবহৃত একটি পিকআপে আগুন দিয়েছে ছাত্রলীগ কর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 03:56 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বুধবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনার পর উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে । বিক্ষুব্ধ হেফাজত কর্মীরা পরে ওই এলাকার একটি দোকানে আগুন দেয়।

হেফাজত কর্মীরা দাবি করেছেন, বিনা উস্কানিতে স্থানীয় ছাত্রলীগ কর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে। 

চট্টগ্রাম নগর পুলিশের কোতয়ালী জোনের সহকারী কমিশনার মীর্জা সায়েম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লালখান বাজার চানমারী রোডে একটি পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

লালখান বাজার এলাকায় নেজামী ইসলামে পার্টির চেয়ারম্যান মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী পরিচালিত লালখান বাজার দারুল উলুম মাদ্রাসা রয়েছে। যেটি হেফাজতে ইসলামের ঘাঁটি হিসেবে পরিচিত।

ইকবাল নামে হেফাজতের এক কর্মী দাবি করেন, ছাত্রলীগ কর্মীরা মাদ্রাসার সামনে রেসালত সম্মেলনের প্রচারণার কাজে ব্যবহৃত একটি পিকআপে আগুন দেয় এবং কর্মীদের ওপর হামলা চালায়।

এতে তাদের বেশ কয়েকজন কর্মী আহত হয় বলে তিনি অভিযোগ করেন।