পাইপলাইন ফুটো, বগুড়ায় গ্যাস সরবরাহ বন্ধ
গ্যাস পাইপলাইন ফুটো হয়ে যাওয়ায় বগুড়ায় বুধবার বিকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রেয়েছে। এতে হাজার হাজার গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন।
তারা অভিযোগ করেছেন, বিনা নোটিশে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে।
পশ্চিমাঞ্চল গ্যাসের বগুড়া অফিস ইনর্চাজ সাইদুল ইসলাম এ বিষয়ে সাংবাদিকদের জানান, পশ্চিমাঞ্চল গ্যাসের বগুড়ার ট্রান্সমিশন বিভাগ অফিসে গ্যাস পাইপলাইনে মঙ্গলবার লিকেজ দেখা দেয়। বুধবার বিকাল সাড়ে ৩টা থেকে ওই ফুটো মেরামতের কাজ শুরু য়েছে। তাই গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।
রাত ১০ টার মধ্যে মেরামত কাজ শেষ হলেই আবারো গ্যাস সরবরাহ চালু হবে বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা।
গণবিজ্ঞপ্তি দেয়া ছাড়া গ্যাস সরবরাহ কেন বন্ধ করা হলো- জিজ্ঞেস করা হলে সাইদুল ইসলাম বলেন, “বিষয়টি আমার এখতিয়ারের বাইরে। এটি বিভাগীয় অফিসের দায়িত্ব।”
বগুড়া শহরের সূত্রাপুরের গৃহিণী সাবিনা জিয়া বলেন, “কোন নোটিস ছাড়াই হঠাৎ করে এভাবে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ায় বিপদে পড়েছি। রান্নার জন্য বিকল্প কোনো উপায় হাতে নেই। আগে থেকে বিজ্ঞপ্তি দিলে আমিসহ অন্যান্য গ্রাহকরা বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে পারতো।”
বগুড়া স্টেশন রোডের সিএনজিচালিত অটোরিকশা চালক সিদ্দিক হোসেন জানালেন, বিকাল ৪ টায় শহরের চারমাথায় ফিলিং স্টেশনে গ্যাস নিতে গিয়ে তা বন্ধ দেখতে পান।
“ফিলিং স্টেশনের ম্যানেজার জানিয়েছেন, রাত ১০টার পরে গ্যাস পাওয়া যাবে। তাই গাড়ি বন্ধ করে বসে রয়েছি,” বলেন তিনি।
এ বিষয়ে জানতে পশ্চিমাঞ্চল গ্যাসের জেনারেল ম্যানেজার রেজাউল ইসলাম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, “এ ব্যাপারে পরে কথা বলবো। এখন ব্যস্ত।”
বগুড়ায় ১৪ হাজার গার্হস্থ গ্রাহক ছাড়াও কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে।
