হরতাল প্রত্যাহার করায় ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী
সাভারে ভবন ধসে হতাহতদের উদ্ধার কাজে সহায়তায় হরতাল প্রত্যাহার করায় প্রধান বিরোধীদলকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার জাতীয় শোক পালনের ঘোষণা দিয়ে তিনি বলেন, এ সপ্তাহে দুদিন হরতাল হওয়ায় এ দিন আর ছুটি হবে না। তবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
ধসে পড়া ‘রানা প্লাজার’ ধ্বংসস্তূপ থেকে বিকাল পর্যন্ত ৬৪ জনের লাশ উদ্ধার করার কথা জানিয়ে তিনি বলেন, ছয় শতাধিক লোককে স্থানীয় এনাম মেডিকেল কলেজ ও সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার ফাটল ধরার পর সাভার বাসস্ট্যান্ড এলাকার নয় তলা ‘রানা প্লাজা’ বুধবার সকালে ধসে পড়ে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে পুলিশ, র্যাব ও ফায়ার ব্রিগেড তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশ সেনাবাহিনীর চারটি দলও এতে যোগ দেয়।
শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট মঙ্গলবার থেকে ৩৬ ঘণ্টার হরতাল পালন করে এলেও সাভারের ঘটনার পর ওই এলাকাকে হরতালের আওতামুক্ত ঘোষণা করে। এরপর কর্মসূচি শেষ হওয়ার আড়াই ঘণ্টা আগে বিকাল সাড়ে ৩টার দিকে সারা দেশ থেকেই হরতাল প্রত্যাহার করে নেয়।
সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিরোধী দলের প্রতি হরতাল প্রত্যাহারের আহ্বান জানান।
তিনি বলেন, "আমরা আগে থেকেই সচেতন ছিলাম। আমরা জানতাম বলে সব লোক সরিয়ে ফেলা হয়েছিল। কিন্তু মূল্যবান জিনিস সরিয়ে নিতে সকালে লোকজন সেখানে গিয়েছিল।"
স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জনসংযোগ শাখার পরিচালক জাহিদুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তাদের হাসপাতালেই ৯১ জনের লাশ এসেছে।
এছাড়া স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, সাভার ল্যাব এইড ও সাভার মডেল থানায় আরো কয়েকজনের লাশ নেয়া হয়েছে বলে উদ্ধারকর্মীরা জানান। তারা বলছেন, নিহতের সংখ্যা একশ ছাড়িয়ে যেতে পারে।
ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় ইলেকট্রনিক্স, কম্পিউটার, প্রসাধন সামগ্রী ও কাপড়ের মাকের্ট এবং ব্র্যাক ব্যাংকের একটি শাখা ছিল। আর তৃতীয় থেকে ষষ্ঠ তলা পর্যন্ত ছিল চারটি পোশাক কারখানা।
ফাটল ধরার পর মঙ্গবার কারখানাগুলো বন্ধ রাখা হলেও বুধবার সকালে শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ এসেছে।
প্রধানমন্ত্রী সংসদে বলেন, “ধ্বংসস্তূপের ভেতরে অনেক আটকা পড়েছে। তাদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করা হচ্ছে। বড় বড় স্ল্যাবের নিচে অনেকে আটকা পড়েছে। তাদের উদ্ধারের জন্য ঢাকা থেকে সকল সরঞ্জাম পাঠানো হয়েছে।
“উদ্ধারে ১/২দিন সময় লাগবে। আমরা উদ্ধার কাজ চালিয়ে যাব। আমরা সকলের দায়দায়িত্ব নিয়েছি। আমরা দেশবাসীর সহযোগিতা চাই।”
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি চৌধুরী হাসান সারওয়ার্দী এবং স্থানীয় সাংসদ তালুকদার মো. তৌহিদ জং মুরাদের তত্ত্বাবধানে উদ্ধার কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, যারা মারা গেছেন, তাদের আত্মীয় স্বজনদের তালিকা করা হচ্ছে। কীভাবে লাশ পাঠানো যায়- সে ব্যবস্থাও করা হচ্ছে।
