২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় সমাবেশে যাবেন না: নারীদের প্রতি হেফাজত

‘পরকাল’ রক্ষায় ঢাকায় আগামী ২৭ এপ্রিলের সমাবেশে যোগ না দিতে দেশের নারীদের প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 11:21 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

গণজাগরণবিরোধী হেফাজত এই মাসের শুরুতে মতিঝিলে সমাবেশে নারী উন্নয়ন নীতিমালা বাতিল এবং নারী-পুরুষের অবাধ বিচরণ বন্ধের দাবি তুললে তার প্রতিবাদে ২৭ এপ্রিল ঢাকায় সমাবেশ ডাকে নারী ও পোশাক শ্রমিক সংগঠনগুলো।

সমাবেশের উদ্যোক্তারা বলছেন, হেফাজত নারীদের অগ্রযাত্রা ব্যাহত করতে চায়।

তবে হেফাজত নেতারা বলছেন, তাদের ১৩ দফা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

বুধবার চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে হেফাজতের যুগ্ম মহাসচিব মঈনুদ্দীন রূহী বলেন, “কর্মজীবী মা, বোন, কন্যাদের কাছে বিনীত অনুরোধ, আপনারাও মুসলমান, বিশ্বনবীর উম্মত। যারা রাসুলের (সা.) ব্যাপারে কটূক্তি করেছে, তাদের পক্ষে রাজপথে নামবেন না।”

হেফাজতের মহাসচিব জুনাইদ বাবুনগরীও সংবাদ সম্মেলনে ছিলেন। তবে তার পক্ষে মঈনুদ্দিন রূহী লিখিত বক্তব্য পড়ে শোনান।

“আল্লাহ ও রাসুলের (সা.) দুশমনদের কাতারে শামিল হয়ে নিজেদের পরকালে তাদের সুপারিশ বঞ্চিত হওয়ার পথ থেকে বিরত থাকুন,” বলা হয় লিখিত বক্তব্যে।

ঢাকার সমাবেশে যোগ দিতে বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকদের চাপ দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন হেফাজত নেতারা, যাদের মতিঝিলের সমাবেশে কোনো নারীর অংশগ্রহণ ছিল না।

ছাত্রলীগের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রীদের জোর করে সমাবেশে আনার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মঈনুদ্দীন রূহী।

১৩ দফা দাবি নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, “কিছু মুখচেনা বুদ্ধিজীবী আমাদের কর্মকাণ্ড ও  ১৩ দফা সম্পর্কে মানুষকে বিভ্রান্ত করার জন্য উঠেপড়ে লেগেছে। কোনো দফাকে নারী অধিকারের বিপক্ষে বলে ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা চলছে।”

সাম্প্রতিক সময়ে চট্টগ্রামসহ সারাদেশে দায়িত্ব পালনকালে হেফাজতের সমাবেশে সাংবাদিকদের ওপর হামলায় তারা কোনোভাবে জড়িত নন দাবি করেন জুনাইদ বাবুনগরী।

“আমাদের কোনো নেতাকর্মী এ ধরনের হামলা করেনি। কে বা কারা করেছে, তা আমরা জানি না। হামলার জন্য আমরা দুঃখিত।”

হেফাজতের লংমার্চ ও অন্যান্য কর্মসূচি পালন করতে গিয়ে চট্টগ্রামে কয়েকবারই সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন।      

সংবাদ সম্মেলনে জানানো হয়, মতিঝিলের সমাবেশের ঘোষণা অনুযায়ী আগামী শুক্রবার সকাল ১০টায় বন্দর নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে শানে রেসালত মহাসমাবেশ হবে।

এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে জুনাইদ বাবুনগরী বলেন, এই সমাবেশকে কেন্দ্র করে বৃহত্তর চট্টগ্রামে ব্যাপক সাড়া পড়েছে।

সংবাদ সম্মেলনে ছিলেন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরী, নায়েবে আমির হাফেজ শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, হাফেজ মোহাম্মদ তৈয়ব, মুফতি হারুণ ইজাহার, মাওলানা মুনির আহমদ প্রমুখ।