২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে রেললাইন ও সড়ক অবরোধের চেষ্টা

১৮ দলীয় জোটের হরতালের দ্বিতীয় দিনে চাঁদপুরে রেললাইনে আগুন ও সড়ক অবরোধ করেছে হরতাল সমর্থকরা।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 05:55 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বুধবার সকাল সাতটার দিকে হরতাল সমর্থকরা রেললাইনের বেশ কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়।

চাঁদপুর সদর মডেল থানার এএসআই মো. জিয়াউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

এতে চাঁদপুর-লাকসাম রেল রুটে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানান চাঁদপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ মারুফ হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৬টায় হরতালকারীরা চাঁদপুর-মতলব-পেন্নাই সড়কের কালিভাংতি এলাকায় একটি সেতুর উপর গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।

এছাড়া হরতাল সমর্থকরা চাঁদপুর-কুমিল্লা সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করছে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন আশংকায় সকালে চাঁদপুর শহর থেকে দুই শিবিরকর্মীকে আটক করা হয়েছে।