২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সংঘর্ষ, গাড়ি ভাংচুর

কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে ১৮ দলীয় জোটের ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন নারায়ণগঞ্জে সংঘর্ষ, হাতবোমা বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 05:39 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

সকাল ছয়টায় শহরের চাষাঢ়া কলেজ রোড এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে শহর বিএনপি ও  মহানগর যুবদলের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় তারা একটি ট্রাক ও একটি বাসসহ পাঁচটি যানবাহন ভাংচুর করে। সেখানে চারটি হাতবোমার বিস্ফোরণও ঘটানো হয়।

পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটেল নিক্ষেপ করা হলে পুলিশ লাঠিপেটা করে ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়্।

বিএনপির দাবি, এ ঘটনায় মহানগর যুবদলের আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, যুগ্ম আহবায়ক রানা মুজিব ও যুবদল নেতা জুলহাসসহ সাতজন আহত হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, এ সময় ঘটনাস্থল থেকে ১৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আল মামুনকে আটক করে পুলিশ।

এ ঘটনার পর হরতাল সমর্থকরা ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইন অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে সকাল সাড়ে ৬টায় শহরের হাজীগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। তারা সড়কে টায়ারে ও পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং কয়েকটি অটোরিকশা ভাংচুর করে।

পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।