জগন্নাথ হলে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন দুজন।
মঙ্গলবার রাতে ছাত্রলীগের হল সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে বলে শিক্ষার্থীরা জানিয়েছে।
সংঘর্ষের সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণও ঘটে।
পায়ে গুলিবিদ্ধ শুভ সরকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি এমবিএ’র ছাত্র। গুলিবিদ্ধ অন্যজন হলেন ক্যান্টিনের কর্মী রাজীব চন্দ্র দাস। তাকেও হাসপাতালে পাঠানো হয়েছে।
ছাত্রলীগ নেতা পার্থ প্রতীম আচার্যের মৃত্যুবার্ষিকীতে রাতে হলের নবনির্মিত সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবনের পাশে প্রার্থনা সভা হচ্ছিল। সেখানেই সাধারণ সম্পাদকের সমর্থক দ্বিতীয় বর্ষের এক ছাত্রের সঙ্গে সভাপতি সমর্থক চতুর্থ বর্ষের এক ছাত্রের কথাকাটাকাটির জের ধরে সংঘর্ষ বাধে।
সংঘর্ষের সময় তিনটি হাতবোমা বিস্ফোরণের শব্দও শোনা গেছে। বোমার স্প্লিন্টারে আহত হয়েছেন কয়েকজন।
সংঘর্ষের খবর পেয়ে হল প্রক্টরসহ প্রশাসনের দায়িত্বে থাকা শিক্ষকরা হলে যান। তাদের সঙ্গে যান ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতারাও।
সংঘর্ষের জন্য সাধারণ সম্পাদককে দায়ী করেছেন হল ছাত্রলীগের সভাপতি সুপ্রিয় কুণ্ডু রাজেশ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনাকাঙ্ক্ষিতভাবেই সাধারণ সম্পাদক গ্রুপ এই সংঘর্ষের সূত্রপাত ঘটিয়েছে।”
সাধারণ সম্পাদকের বিরুদ্ধে হলে বহিরাগতদের রাখার অভিযোগও করেন তিনি।
তবে সাধারণ সম্পাদক সজীব বিশ্বাস সংঘাতের জন্য সভাপতিকেই দায়ী করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রার্থনা সভায় বচসার পর তারা হলে ছিলেন। তখন সভাপতির সমর্থকরাই তাদের ওপর হামলা চালায়।
বহিরাগতদের রাখা ও গুলি ছোড়ার কথাও অস্বীকার করেছেন তিনি।
সজীব বলেন, “কারা গুলি ছুড়েছে, তা আমি জানি না।”
