‘স্ত্রীকে অস্বীকার’ করায় গ্রেপ্তার চিকিৎসক
বিয়ে করে স্ত্রীকে অস্বীকারের অভিযোগে বরিশাল নগরীতে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে প্যারারা রোডের একটি ডায়গনস্টিক সেন্টার থেকে ডা. আশীষ কুমার পান্ডেকে আটক করে পুলিশে দেয়া হয়।
আশীষ কুমার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কালিকাবাড়ীর চিত্তরঞ্জন পান্ডের ছেলে।
তার বিরুদ্ধে অভিযোগ- ব্রজমোহন (বিএম) কলেজের মাস্টার্সের এক ছাত্রীকে গোপনে বিয়ে করেন তিনি। দীর্ঘদিন একসঙ্গে বসবাসের পর স্ত্রী হিসেবে তাকে অস্বীকার করেন।
এরপরই ওই ছাত্রী কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়েছে, একটি মন্দিরে হিন্দু রীতিতে তাদের বিয়ে হয় ২০০৯ সালে। এরপর থেকে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে নগরীর নতুনবাজারে বসবাস করছিলেন।
গত ২ ফেব্রুয়ারি মাসে তাকে নির্যাতনের এক পর্যায়ে ডা. আশীষ তাকে বিয়ে করার কথা অস্বীকার করেন।
এ কারণে ৪ ফেব্রুয়ারি থেকে ওই নারী তার গ্রামের বাড়ি চলে যান। আর ডা. আশীষ অন্যত্র বাসা ভাড়া নেন।
এদিকে আগামী ২মে তারিখে আশীষ দ্বিতীয় বিয়ে করবেন এমন খবর পেয়ে ওই ছাত্রী মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটিতে অভিযোগ করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই মানবাধিকার সংস্থার সহায়তায় দুপুর ৩টায় আশীষকে ধরে পুলিশে সোর্পদ করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই অভিযোগটি মামলা হিসেবে রুজু করে তাকে গ্রেপ্তার দেখানো হবে।
