২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ অভিযোগে মোবারকের বিচার

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় আখাউড়ায় একটি বৈঠকের কথা বলে মুক্তিযোদ্ধাদের ৩৩ স্বজনকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন। ওই ৩৩ জনকেই ব্রাশফায়ার করে হত্যা করা হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 11:27 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

মোবারকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যে পাঁচ ঘটনায় মঙ্গলবার ট্রাইব্যুনাল বিচার শুরুর আদেশ দিয়েছে, তার মধ্যে এটিই প্রথম ও সবচেয়ে বড় অভিযোগ।

মঙ্গলবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে।

এ মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য শুনানির জন্য আদালত আগামী ১৬ মে দিন রেখেছে। মোবারক জামিন আবেদন করলেও বিচারক তা নাকচ করে দেন।

পাঁচ অভিযোগ

মোবারকের বিরুদ্ধে প্রথম অভিযোগে বলা হয়, ১৯৭১ সালের ২২ থেকে ২৩ অগাস্ট সময়ের মধ্যে মোবারক হোসেন সহযোগী রাজাকারদের নিয়ে আখাউড়া থানার টানামান্দাইল গ্রামে যান। তারা ওই গ্রামবাসীদের বলেন, ‘নূর বক্সের বাড়িতে একটি মিটিং হবে, আপনারা সবাই আসবেন’। তাদের ডাকে সাড়া দিয়ে অন্তত ১৩২ জন গ্রামবাসী ওই বাড়িতে গেলে রাজাকাররা তাদের ঘেরাও করে বন্দি করে ফেলে। পরে নৌকায় করে পাশের পাকিস্তানি বাহিনীর ক্যাম্পে নিয়ে আটকে রাখা হয়। আটকদের মধ্যে মুক্তিযোদ্ধাদের আত্মীয়-স্বজন হিসেবে ৩৩ জনকে বাছাই করে হানাদার বাহিনী, যাদেরকে দিয়ে গঙ্গাসাগরের পশ্চিম তীরে গর্ত খনন করানো হয়েছিল।

এরপর ওই গর্তের সামনে সারিবদ্ধ ভাবে দাঁড় করিয়ে ওই ৩৩ জনকে ব্রাশফায়ার করে হত্যা করে পাকিস্তানি বাহিনী।

দ্বিতীয় অভিযোগে বলা হয়, একাত্তরের ২৪ থেকে ২৮ অক্টোবরের মধ্যে আনন্দময়ী কালী মন্দির দখল করে সেখানে রাজাকার ক্যাম্প বসান মোবারক। তিনি মন্দিরের সব মূর্তি ভাংচুর করেন। পরে শিমরাইল গ্রামের উমেশ চন্দ্রের ছেলে আশুরঞ্জন দেবকে অপহরণ করে নির‌্যাতন করেন মোবারক।

‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান না দেয়ায় আশুরঞ্জনকে হত্যা করা হয়েছিল বলে অভিযোগে বলা হয়।

তৃতীয় অভিযোগে বলা হয়, সদর থানার ছাতিয়ান গ্রামের আব্দুল খালেককে অপহরণ করে নির‌্যাতন করেন মোবারক। পরে তিতাস নদীর পশ্চিম পাড়ের একটি গ্রামে নিয়ে তাকে হত্যা করেন মোবারক।

খরমপুর গ্রামে খাদেম হোসেন খান নামে এক ব্যক্তিকে আটক করে নির‌্যাতনের পর ৬ ডিসেম্বর মোবারক তাকে হত্যা করেন বলে চতুর্থ অভিযোগে বলা হয়েছে।

পঞ্চম অভিযোগে বলা হয়, একাত্তরের ২৮-২৯ নভেম্বরের দিকে খরমপুর গ্রামের আব্দুল খালেক ও সিরাজকে আটক করে নির্যাতনের পর ৬ ডিসেম্বর তাদেরকে হত্যা করেন তিনি।

তবে অভিযোগ পড়ে শোনানোর পর মোবারক হোসেন বলেন, “আমি নির্দোষ। ওই গ্রামের একজনও যদি আমাকে রাজাকার বলে তাহলে আমি আপিল করব না।”

একাত্তর-পরবর্তী সময়ে জামায়াতের রাজনীতি করলেও পরে তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন এবং এক পর্যায়ে আখাউড়ার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হন। দুই বছর আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

একাত্তরে একটি হত্যাকাণ্ডের অভিযোগে ২০০৯ সালের ৩ মে ব্রাহ্মণবাড়িয়ার ম্যাজিস্ট্রেট আদালতে মোবারকের বিরুদ্ধে একটি মামলা হয়।

তখন হাই কোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেন তিনি। পরে উচ্চ আদালতের নির্দেশে ২০১১ সালের ১৯ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর তার মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়।

গত বছর ১৫ জুলাই মোবারক হোসেনকে দুই মাসের জামিন দেয় ট্রাইব্যুনাল। কয়েক দফায় তার জামিনের মেয়াদ বাড়ানো হলেও সর্বশেষ ১২ মার্চ অভিযোগ আমলে নিয়ে জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

গত বছরের ১৬ জুলাই থেকে গত ২২ জানুয়ারি পর্যন্ত তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

পুরনো খবর:

মোবারকের বিচার শুরুর আদেশ