মোবারকের বিচার শুরুর আদেশ
একাত্তরে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের পাঁচ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
মোবারক জামিন আবেদন করলেও বিচারক তা নাকচ করে দেন।
তার বিরুদ্ধে অভিযোগের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার টানামান্দাইল গ্রামে ৩৩ জনকে গণহত্যা, আনন্দময়ী কালীবাড়ির রাজাকার ক্যাম্পে কলেজছাত্র আশুরঞ্জন দেবকে অপহরণ করে হত্যা, সদর থানার ছাতিয়ান গ্রামের আব্দুল খালেককে অপহরণ করে হত্যা, খরমপুর গ্রামের খাদেম হোসেন খানকে আটক করে নির্যাতন ও হত্যা এবং খরমপুর গ্রামের আব্দুল মালেক ও সিরাজকে আটক ও অপহরণ করে নির্যাতন ও হত্যার ঘটনা রয়েছে।
আদালতে অভিযোগ পড়ে শোনানোর পর বিচারক মোবারক হোসেনকে প্রশ্ন করেন, “আপনার বিরুদ্ধে চারটি ভিন্ন ধরনের অপরাধের পাঁচটি অভিযোগ রয়েছে। অভিযোগগুলো আপনি শুনেছেন। আপনি কি বুঝেছেন?”
এ সময় মোবারক হোসেন বলেন, “আমি ইংরেজি বুঝি না। এরপর তাকে অভিযোগগুলো বাংলায় পড়ে শোনানো হয়।”
এরপর মোবারক হোসেন বলেন, “আমি নির্দোষ। আমার গ্রামের একজনও যদি আমাকে রাজাকার বলে তাহলে আমি আপিল করব না ইনশাআল্লাহ।”
গত ২৫ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।
প্রসিকিউশনের তদন্ত সংস্থা বলছে, আখাউড়ার নয়াদিল গ্রামের মোবারক একাত্তরে স্থানীয় রাজাকার বাহিনীর কমান্ডার ছিলেন।ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের তৈরি রাজাকারের তালিকায়ও তার নাম রয়েছে।
একাত্তর-পরবর্তী সময়ে জামায়াতের রাজনীতি করলেও পরে তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন এবং এক পর্যায়ে আখাউড়ার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হন। দুই বছর আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
একাত্তরে একটি হত্যাকাণ্ডের অভিযোগে ২০০৯ সালের ৩ মে ব্রাহ্মণবাড়িয়ার ম্যাজিস্ট্রেট আদালতে মোবারকের বিরুদ্ধে একটি মামলা হয়।
তখন হাই কোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেন তিনি। পরে উচ্চ আদালতের নির্দেশে ২০১১ সালের ১৯ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।
এরপর তার মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়।
গত বছর ১৫ জুলাই মোবারক হোসেনকে দুই মাসের জামিন দেয় ট্রাইব্যুনাল।এরপর কয়েক দফায় তার জামিনের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ১২ মাচ অভিযোগ আমলে নিয়ে জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যনাল।
গত বছরের ১৬ জুলাই থেকে গত ২২ জানুয়ারি পর্যন্ত তার বিরুদ্ধে তদন্ত চালায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
