যশোরে পুলিশ-পিকেটার সংঘর্ষে আহত ৭
যশোরের বাঘারপাড়া উপজেলায় হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিন পুলিশসহ সাতজন আহত হয়েছে।
বাঘারপাড়া থানার এসআই তুহিনুজ্জামান জানান, বিএনপি ও যুবদলের কর্মীরা মঙ্গলবার বেলা ১১টার দিকে ভাটা আমতলা এলাকায় যশোর-মাগুরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের সরিয়ে দেয়।
“তারা সরে গিয় কিছুক্ষণ পর সংঘবদ্ধ হয়ে ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ বেশ কয়েক রাউন্ড শটগানের গুলি ছোড়ে।”
যশোরের সহকারী পুলিশ সুপার রেশমা শারমীন জানান, হরতাল সমর্থকদের ইটের আঘাত ও মারধরে তিন পুলিশ সদস্য আহত হয়েছে।
“জীবন বাঁচাতে তারা ১৫ রাউন্ডের মতো শটগানের গুলি ছোঁড়ে। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
আহত তিন পুলিশ হলেন, বাঘারপাড়া থানার ওসি রামপ্রসাদ ভক্ত, এসআই মুন্সি মাফিজুর রহমান ও এএসআই হায়দার আলী।
সহকারী পুলিশ সুপার রেশমা শারমীন আরো জানান, আহত এএসআই হায়দার আলীকে দুপুর ১২টায় যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ও পরে বিকাল ৪টায় তাকে হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
আহত অন্যরা হলেন, উপজেলা যুবদলের সহ সভাপতি টিটো (৩৫), সেকেন্দারপুর গ্রামের আলমগীরের ছেলে শাহজাহান আলী (৩২), শাহজাহানের স্ত্রী রাবেয়া খাতুন (২৫) ও বেতালপাড়া গ্রামের হাবিব উদ্দিনের ছেলে বাবলু (৩৫)।
আহতদের সবাইকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে শাহজাহান, রাবেয়া ও বাবলু গুলিবিদ্ধ বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসান আল হাদি।
