২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি উত্তোলন নিয়ে ঢাবিতে আন্তর্জাতিক সেমিনার

তেল ও গ্যাস উত্তোলন প্রযুক্তি নিয়ে বুধবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 08:53 AM

Updated : 25 Apr 2022, 06:38 PM

বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ান ফেডারেশনের গ্যাজপ্রম ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে  ও পেট্রোবাংলার সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

সেমিনারের প্রথম দিন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী মুহাম্মদ ইনামুল হক, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ই এলাহী চৌধুরী, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর ও রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সজান্ডার এ নিকোলিভসহ সেদেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সেমিনারে রাশিয়ার পক্ষে আটটি এবং বাংলাদেশের পক্ষে দুটি প্রবন্ধ উপস্থাপন করা হবে।

বাংলাদেশের পক্ষ থেকে প্রবন্ধ দুটি উপস্থাপন করবেন পেট্রোবাংলার পরিচালক মুহাম্মদ ইমামুদ্দিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম।

এই সম্মেলনে দেশের সংশ্লিষ্ট বিজ্ঞানীরা ছাড়াও রাশিয়ার ৪৬ সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করবেন বলে জানান তিনি।

উপাচার্য বলেন,  ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব শিগগিরই ইনস্টিটিউট অব পেট্রোলিয়াম জিয়ো সায়েন্সেস প্রতিষ্ঠা করা হবে, যেখানে গ্যাজপ্রমসহ রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহযোগিতা করবে।

সংবাদ সম্মেলনে  অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড ইনভায়রনমেন্ট অনুষদের ডিন অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম, গ্যাজপ্রম কোম্পানি লিমিটেডের উপদেষ্টা পরিচালক এডওয়ার্ড এস শিভেংকো প্রমুখ উপস্থিত ছিলেন।