২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বোমাবাজি, ধাওয়া-পাল্টা ধাওয়া

হরতালের শুরুতে নারায়ণগঞ্জে হাতবোমার বিস্ফোরণ, সড়ক অবরোধ ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 04:36 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ। হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পাঁচ কর্মী আহত হয়েছে বলে দাবি করেছে বিএনপি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল মতিন জানান, ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ১০ থেকে ১২টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পরে তারা মহাসড়কে মিছিল বের করার চেষ্টা করলে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

অন্যদিকে, সকাল ৬টার দিকে শহরের কালীরবাজার এলাকায় নবাব সিরাজউদ্দৌলা সড়কে হরতালের সমর্থনে মিছিল বের করে ছাত্রশিবির। সেখানে সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

কাছাকাছি সময় শহরের নিতাইগঞ্জ শহীদ বাপ্পী স্মৃতি স্মরণীতে হরতালের সমর্থনে মিছিল বের করে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এসময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এতে অন্তত পাঁচ কর্মী আহত হন বলে নগর যুবদলের আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ দাবি করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়।

এদিকে, সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার গোপচর এলাকায় সড়কে গাছের গুড়ি ফেলে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

এরপর সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটি এলাকায় বিএনপির নেতাকর্মীরা ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করে একটি বাস ভাংচুর করে। পরে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে।