যৌতুকের দাবিতে গাজীপুরে গৃহবধূকে নির্যাতন
যৌতুকের টাকা না পেয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কোন্দাঘাটা গ্রামের এক গৃহবধূকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
রোববার সন্ধ্যায় পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
পুলিশ জানায়, গৃহবধূ শারমিন আক্তারকে (২৫)তিনদিন আটকে রেখে মাথার চুল কেটে ও তার শরীরের বিভিন্ন অংশে জলন্ত সিগারেটের ছ্যাকা দিয়ে অমানবিক নির্যাতন করা হয়।
নির্যাতিত গৃহবধূ কোন্দাঘাটা গ্রামের শরিফ আল মামুন উরফে আবু মৃধার স্ত্রী শারমিন।
এলাকাবাসী, নির্যাতিত গৃহবধূ ও পুলিশ সূত্রে জানা যায়, কোন্দাঘাটা গ্রামের সোহরাব হোসেনের মেয়ে শারমীনের সঙ্গে প্রায় ৬ বছর আগে একই গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে শরিফের বিয়ে হয়। বিয়ের সময় শরিফকে যৌতুক হিসাবে ১ লাখ ৫০ হাজার টাকা দেয় শারমিনের পরিবার।
স্বামী শরিফ ওই টাকা মাদক সেবন করে খরচ করে ফেলার পর একটি অটোরিকশা কিনে ব্যবসা করার কথা বলে আরো টাকা দেয়ার জন্য স্ত্রীকে চাপ দেন। পরে তাকে একটি অটোরিকশাও কিনে দেয়া হয়।
মাদকাসক্ত শরিফ এই টাকাও খরচ করে ফেলেন। গত কয়েক মাস ধরে আরো টাকার জন্য তিনি স্ত্রীকে চাপ দিতে থাকেন। কিন্তু শারমিন টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে তিনি স্ত্রীকে ঘরে আটকে রেখে কাঁচি দিয়ে কেটে দেন শারমিনের মাথার চুল। জ্বলন্ত সিগারেটের আগুনের ছ্যাকা দিয়ে ক্ষত-বিক্ষত করেন স্ত্রীর দেহের বিভিন্ন স্থান।
লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্বক জখমও করা হয় শারমিনকে।
কালিয়াকৈর থানা পুলিশ রোববার সন্ধ্যা ৬টার দিকে শারমিনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
নির্যাতিত এই গৃহবধূ অভিযোগ করেন, তার স্বামী প্রায়ই মাদক সেবন করতো। এ নিয়ে কিছু বলতে গেলেই তাকে মারধর করতো। তার বাবা অনেক কষ্ট করে অনেক টাকা যৌতুক দিয়েছেন স্বামীকে। তারপরও আরো টাকা দাবি করে সে।
শারমিন বলেন, “টাকা না দেয়ায় আমাকে তিন দিন ঘরে আটকে রেখে চুল কেটে দেয় এবং শরীরে সিগারেটের আগুনের ছ্যাকা দেয়।”
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. সাইফুল ইসলাম জানান, শারমিনের দেহে গুরুতর জখম ও সিগারেটের আগুনের ক্ষতচিহৃ রয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
শারমিনের বাবা সোহরাব হোসেন বাদী হয়ে স্বামী শরীফ, তার বড় ভাই বাবু মৃর্ধা ও শশুর মোয়াজ্জেম হোসেনকে আসামী করে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মোয়াজ্জেম হোসেন এ অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তার ছেলে যৌতুক চায়নি। কথা না শোনায় স্ত্রীকে কিছুটা মারধর করেছে স্বামী।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শারমিনকে তিনদিন আটকে রেখে তার চুল কেটে ও শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের আগুনের ছ্যাকা দিয়ে নির্যাতন করা হয়েছে।
