কুষ্টিয়ায় গৃহবধূ ‘খুন’
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সকালে বাহিরচর ইউনিয়নের পশ্চিম বাহিরচর বারো মাইলের হঠাৎপাড়া গ্রাম থেকে শাপলা বেগমের (২৪) লাশ উদ্ধার করে পুলিশ।
তিন মাস আগে বরমাইল টিকিটিকি পাড়ার বাসিন্দা শাপলার সঙ্গে পাশের হাসপাতাল পাড়ার রমজান আলীর বিয়ে হয়। শাপলা রমজানের দ্বিতীয় স্ত্রী। তার প্রথম স্ত্রীও বাড়িতে থাকেন। এ নিয়ে পারিবারিক দ্বন্দ্ব চলছিল।
এর জের ধরেই এ ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশের সন্দেহ।
ভেড়ামারা সার্কেলের সিনিয়র পুলিশ সুপার সি এ হালিম নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, রোববার সন্ধ্যায় শাপলা তার বাবার বাড়ি থেকে নগদ টাকা ও নিজের ব্যবহৃত কাপড়চোপড় নিয়ে স্বামীর বাড়ির উদ্দেশে বের হন। এরপর রাতে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
সোমবার সকালে বারমাইল হঠাৎপাড়ার আমির মেম্বারের বাড়ি সংলগ্ন লিচু বাগানের একটি গাছের নিচে গলায় উড়না প্যাঁচানো অবস্থায় শাপলার লাশ দেখতে পায় লোকজন।
এএসপি জানান, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।
পুলিশ লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এএসপি সি এ হালিম।
