শরণখোলায় অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ১
অপহরণের ২৪ ঘণ্টার মাথায় বাগেরহাটের শরণখোলা উপজেলার এক শিশুকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
শুক্রবার দুপুরে জেলা শহরের একটি আবাসিক হোটেল থেকে তিন বছরের শিশু চাঁদনীকে উদ্ধার করা হয়।
এ সময় অপহরণকারী মাসুদ পাটোয়ারীকে (২৫) গ্রেপ্তার করা হয়।
শরণখোলা থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে বাগেরহাট মডেল থানা পুলিশ ও র্যাব-৬ এর সদস্যরা শিশুটিকে উদ্ধার করে।
পরে শরণখোলা থানার মধ্যস্থতায় তাকে বাবা-মার কাছে ফিরিয়ে দেয়া হয়।
এই ঘটনায় শিশুটির বাবা নূর হোসেন শরীফ বাদী হয়ে শরণখোলা থানায় একটি অপহরণ মামলা করেছেন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার মাছ ধরার ট্রলারের কর্মচারী মাসুদ বৃহস্পতিবার মেয়েটিকে অপহরণ করে। এক লাখ টাকা মুক্তিপণ না দিলে তাকে হত্যা করা হবে বলে মোবাইলে হুমকি দেয়।
কুমিল্লা জেলার বাসিন্দা মাসুদ চাকরি করা সুবাদে গত তিন মাস ধরে শরীফের বাড়িতেই থাকত।
সে পুলিশের কাছে জানায়, বেশ কয়েকমাস ধরে বেতন না পেয়ে সে শিশুটিকে ‘লুকিয়ে রেখে’ টাকা দাবি করেছিল।
তবে বেতন বকেয়া রাখার কথা অস্বীকার করেন শরীফুল।
