২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মুক্তিযুদ্ধে শহীদ চা শ্রমিকদের স্মরণ

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় শহীদ চা শ্রমিকদের স্মরণে সিলেট গণজাগরণ মঞ্চের উদ্যোগে চা শ্রমিক-জনতা সমাবেশ হয়েছে শুক্রবার।   

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 02:59 PM

Updated : 25 Apr 2022, 06:37 PM

বিকালে সিলেটের খাদিম এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়।

১৯৭১ সালের ১৯ এপ্রিল খাদিম চা বাগানের শ্রমিকদের লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। ওইদিন প্রাণ হারান বাগানের ৬৪ জন শ্রমিক।

বিকেল সাড়ে ৩টা থেকে খাদিম চা বাগানের শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশে শত শত চা শ্রমিক তাদের বঞ্চনার দাবি নিয়ে হাজির হন।

শ্লোগানে শ্লোগানে নিজেদের অধিকার আর যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি জানান চা শ্রমিকরা।  

জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ। এরপর শহীদদের স্মরণে অর্পণ করা হয় শ্রদ্ধাঞ্জলি।

সমাবেশে চা শ্রমিকরা মজুরি বৃদ্ধিসহ তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন।

বক্তারা দেশে সংখ্যালঘু নির্যাতন ও নারীবিরোধী সব ‘ষড়যন্ত্র’ রুখে দেয়ারও অঙ্গীকার করেন।

সমাবেশ অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সম্মিলিত নাট্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মনির হেলাল, গণজাগরণ মঞ্চের সংগঠক কবীর য়াহমদ, দেবাশীষ দেবু, রাজীব রাসেল, আবদুল করিম কীম, বিশ্বপা ভট্টাচার্য মৌ, চা শ্রমিক রজনী বাউড়ী, দুলু কুর্মী, নারায়ন দাস নড়ী, স্কুল শিক্ষক নান্টু রঞ্জন সিং, সবুজ কান্তি, রুঘু মিয়া, রমন ঘোয়ালা, কানু দাস ছত্রী, ইউপি সদস্য দুলন কুর্মী, সিলেট জেলা চা-শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রীবাস মহালী, যুগেশ সাওতাল, অমূল্য ভক্ত, বিকাশ রঞ্জন দাস প্রমুখ।