কক্সবাজারে ‘ডাকাত সর্দার’ খুন
কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক ‘ডাকাত সর্দারকে’ ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার বেলা ১২টার দিকে মাতামুহুরী নদীর তীরে ওসমান গনির (৩৫) মৃতদেহ পাওয়া যায়।
ওসমান গনি খুটাখালী ইউনিয়নের পুরইক্ক্যাখালী গ্রামের প্রয়াত মোহাম্মদ শফির ছেলে। তিনি চিহ্নিত ডাকাত সর্দার ছিলেন বলে পুলিশ জানিযেছে।
চকরিয়া-মাতামুহুরী পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে ওসমানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
দুদল ডাকাতের মধ্যে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
ওমান একজন চিহ্নিত ডাকাত সর্দার। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে।
ময়নাতদন্তের জন্য ওসমানের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
