২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই প্রো-ভিসি পেল জাতীয় বিশ্ববিদ্যালয়

কোষাধ্যক্ষ নিয়োগের পর এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) পদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপককে নিয়োগ দেয়া হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 11:36 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

বৃহস্পতিবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

নতুন নিয়োগ পাওয়া প্রো-ভিসিরা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আসলাম ভূঁইয়া এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুনাজ আহমেদ নুর।

এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউসি) সাবেক মহা-পরিচালক নোমান উর রশীদকে কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হয়।

অধ্যাপক আসলাম ভূঁইয়া ১৯৭৭ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষকতা শুরু করেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ে হলের প্রাধ্যক্ষ, সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের সদস্য ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

মুনাজ আহমেদ নুর ১৯৯৫ সালে বুয়েটে শিক্ষকতা শুরু করেন। তিনি চট্টগ্রাম শিক্ষাবোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছিলেন।