ফটিকছড়ির ঘটনা আর যেন না হয়: প্রধানমন্ত্রী
ফটিকছড়ির মতো ঘটনা আবারো ‘ঘটানো হতে পারে’ বলে আশংকা প্রকাশ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভুজপুর থানার কাজীর হাটে ওই ঘটনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মিছিলে হামলা চালানো হয়। হামলাকারীরা ১৫টি মোটর সাইকেল ও দুটি গাড়ি পুড়িয়ে দেয়। আগুন নেভাতে গিয়ে ফায়ার ব্রিগেডের একটি গাড়িও আক্রান্ত হয়।
বৃহস্পতিবার দুপুরে গণভবণে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে দলীয় সভনেত্রী শেখ হাসিনা বলেন, “এ ধরনের ঘটনা আরো ঘটানোর চেষ্টা করবে। এজন্য আমি দেশবাসীকে সজাগ থাকার অনুরোধ জানাব।”
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “ফটিকছড়িতে যেভাবে কোপালো- এটাকে শুধু পাকিস্তানি বাহিনীর বর্বরতার সাথেই তুলনা করা যায়।”
এভাবে মসজিদের মাইক ব্যবহার করে কেউ যাতে কোনো অপপ্রচার চালাতে না পারে সেজন্য দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকতে বলেন শেখ হাসিনা।
যুদ্ধাপরাধীদের বাঁচাতেই বিএনপি-জামায়াত ‘গণবিরোধী কর্মকাণ্ড’ চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “বিএনপি ও জামাত এমনই উম্মাদ হয়ে গেছে যে, তারা বাস থেকে নামিয়ে ড্রাইভারের গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারছে। বাস পোড়াচ্ছে, রেল পোড়াচ্ছে।”
বিএনপি চেয়ারপরাসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, “বিরোধী দলীয় নেতাকে আমি বলব, যতোই মানুষ খুন করেন- যুদ্ধাপরাধীদের আপনি বাঁচাতে পারবেন না। এই বিচারের কাজ শুরু হয়েছে। বাংলাদেশকে একেবারে কলঙ্কমুক্ত করব।”
নেতা-কর্মীদের এক থাকার আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, দল ঐক্যবদ্ধ থাকলে কেউ আওয়ামী লীগকে হারাতে পারবে না।
দেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও পটুয়াখালীর নেতাদের মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “দক্ষিণাঞ্চল ছিল এই দেশের শষ্য ভাণ্ডার। সেই লুপ্ত খ্যাতি আবার ফিরিয়ে আনব।”
