মালবাহী ট্রেন উল্টে বস্তিতে, নিহত ১
রাজধানীর বনানী এলাকায় একটি মালবাহী ট্রেনের কনটেইনার উল্টে বস্তির ওপর পড়ে একজন নিহত ও আরো আন্তত পাঁচজন আহত হয়েছেন।
দুর্ঘটনা কবলিত ‘ক্যারেজ’ উদ্ধার ও লাইন মেরামতের জন্য দুটি লাইনই আটকে থাকায় ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি করেছে রেল কর্তৃপক্ষ। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
রেলওয়ের পরিদর্শক (ট্রাফিক) হুমায়ুন কবীর জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বনানী এলাকায় দুর্ঘটনায় পড়ে। সৈনিক ক্লাবের কাছে কনটেইনারবাহী ট্রেনের তিনটি ‘ক্যারেজ’ লাইনচ্যুত হয়।
কাফরুল থানার ওসি ওয়াজেদ আহমেদ জানান, লাইনচ্যুত ‘ক্যারেজ’ থেকে একটি কনটেইনার পাশের কয়েকটি বস্তি ঘরের ওপর আছড়ে পড়ে।
এতে ওই বস্তিঘরের ছয় বাসিন্দা আহত হন। হাসপাতালে নেয়ার পথে মুজিবুর রহমান (৩৫) নামের এক রিকশা চালকের মৃত্যু হয় বলে রেল পুলিশের পরিদর্শক ফিরোজ আহমেদ জানান।
স্থানীয় বাসিন্দা মোস্তফা জানান, কনটেইনারের নিচে চাপা পড়া ঘরগুলো থেকে তিন শিশু ও এক নারীসহ ছয়জনকে উদ্ধার করেছেন তারা। এদের মধ্যেই একজনের মৃত্যু হয়েছে।
কিন্তু বেলা আড়াইটার দিকে কমলাপুর থেকে উদ্ধারকারী ট্রেন এসে কনটেইনার সরিয়ে নেয়ার কাজ শুরু করলে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনাকবলিত তিনটি ‘ক্যারেজ’ ও উল্টে পড়া কনটেইনারটি সরিয়ে নেয়ার পর বিকাল ৫টার দিকে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল আবার শুরু হয়। সোয়া ৫টার দিকে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস বনানী এলাকা অতিক্রম করে।
মেরামত শেষে পৌনে ৬টার দিকে দ্বিতীয় লাইন দিয়েও ট্রেন চলাচল শুরু হয় বলে শাহাদাত হোসেন জানান।
সেনাবাহিনীর একটি ক্রেনও উল্টে পড়া কনটেইনার উদ্ধারে অংশ নেয়।
রেল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত কিছু বলেনি। তবে ঘটনাস্থলে উপস্থিত রেলওয়ের মেট আবদুল আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এয়ারবক্স বিকল হয়ে যাওয়ায় ক্যারেজের চাকা আটকে গিয়েছিল বলে তার ধারণা। এ কারণেই বগিগুলো লাইন থেকে বেরিয়ে যায় এবং ওই অবস্থায় ট্রেনটি বেশ কিছুদূর টেনে আসে।
বিকালে ঘটনাস্থল ঘুরে দেখার পর রেলওয়ের মহাপরিচালক আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।
রেলের প্রধান বিভাগীয় কর্মকর্তা (ঢাকা) মো. সালাউদ্দিন আহমেদকে প্রধান করে গঠিত এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে তিন দিনের মধ্যে।
কমিটির অপর তিন সদস্য হলেন- ঢাকা বিভাগীয় প্রকৌশলী মো আরমান হোসেন, বিভাগীয় প্রকৌশলী (সিগন্যাল ট্রান্সফার) মো. জাকারিয়া এবং বিভাগীয় প্রকৌশলী (ক্যারেজ) মো. সেলিম।
