আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
বনানীতে কনটেইনারবাহী ট্রেন দুর্ঘটনার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর সারা দেশের সঙ্গে ঢাকার রেল চলাচল আবার শুরু হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বনানীর সৈনিক ক্লাবের কাছে চট্টগ্রামগামী ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে একটি কনটেইনার উল্টে পাশের কয়েকটি বস্তি ঘরের ওপর পড়লে একজন নিহত ও পাঁচজন আহত হন।
রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই এলাকায় আরেকটি লাইন চালু থাকায় দুর্ঘটনার পরও প্রায় তিন ঘণ্টা কয়েকটি ট্রেন যাওয়া আসা করে।
কিন্তু বেলা আড়াইটার দিকে কমলাপুর থেকে উদ্ধারকারী ট্রেন এসে কনটেইনার সরিয়ে নেয়ার কাজ শুরু করলে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনাকবলিত তিনটি ‘ক্যারেজ’ ও উল্টে পড়া কনটেইনারটি সরিয়ে নেয়ার পর বিকাল ৫টার দিকে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল আবার শুরু হয়।
সোয়া ৫টার দিকে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস বনানী এলাকা অতিক্রম করে বলে শাহাদাত হোসেন জানান।
মেরামত শেষে পৌনে ৬টার দিকে দ্বিতীয় লাইন দিয়েও ট্রেন চলাচল শুরু হয় বলে এই রেল কর্মকর্তা জানান।
