লাখো পুণ্যার্থীর পদচারণায় মুখরিত লাঙ্গলবন্দ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে মহাষ্টমী স্নান শুরু হতে বাকী আর মাত্র কয়েক ঘন্টা। লাখো পুণ্যার্থীর পদচারণায় এখন মুখরিত লাঙ্গলবন্দ।
বুধবার রাত ২ টা ৭ মিনিট ২৬ সেকেন্ডে মহাষ্টমী শুরু হয়ে পরদিন বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টা ৪৭ মিনিট ২৭ সেকেন্ডে তা শেষ হবে।
‘হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য তুমি আমার পাপ হরণ কর’- এ মন্ত্র উচ্চারণ করে ব্রহ্মার কৃপা চেয়ে জগতের যাবতীয় সঙ্কীর্ণতা ও পঙ্কিলতার আবরণ থেকে মুক্তির বাসনায় অষ্টমী স্নান করবেন সনাতন ধর্মাবলম্বীরা।
পূণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিতে এবার প্রথমবারের মতো সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে স্নানঘাটে।
এদিকে, বিপুলসংখ্যক পূণ্যার্থীর তুলনায় তীর্থক্ষেত্রের সঙ্কীর্ণ রাস্তা, অপর্যাপ্ত শৌচাগার, স্নানঘাটের স্বল্পতা, গোসলের পর কাপড় পাল্টানোর অপ্রতুল জায়গা, বিশ্রামের জায়গা না থাকাসহ নানা কারণে স্নান করতে আসা পুণ্যার্থীরা চরম ভোগান্তি পোহাচ্ছেন।
বুধবার রাতে লগ্ন শুরু হওয়ার আগে থেকেই লাঙ্গলবন্দের ১৪টি স্নানঘাটে পুণ্যার্থীদের ভিড় বাড়তে থাকে। অষ্টমী স্নানকে ঘিরে স্নানঘাট ছাড়িয়ে লাঙ্গলবন্দের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এখন উৎসবমুখর পরিবেশ।
লাঙ্গলবন্দ স্নান উদযাপন কমিটির সভাপতি পরিতোষ কান্তি সাহা জানান, বুধবার সকাল থেকেই বিশ্বের বেশ কয়েকটি দেশ থেকে পুণ্যার্থীরা স্নান করতে এসেছেন। গত বছর ১৫ লাখের বেশি পুণ্যার্থী আসলেও এবার রাজনৈতিক অস্থিরতার কারণে পুণ্যার্থীদের আগমন কিছুটা কম হতে পারে বলে তিনি জানান।
লাঙ্গলবন্দ স্নান উদযাপন কমিটির সদস্য তারাপদ আচার্য জানান, অষ্টমী স্নান উপলক্ষ্যে ব্রহ্মপুত্র নদের কচুরী পানা পরিষ্কার করা হয়েছে। এবার ১৩টি ঘাটে পূণ্যার্থীরা স্নান সম্পন্ন করবেন। এছাড়া থাকছে স্নান সেরে কাপড় বদলানোর জন্য ১৪টি কক্ষ ও বিশুদ্ধ পানির জন্য ৫০টি নলকূপ, ৭০টি টয়লেট এবং ৩৫টি চিকিৎসা সেবাকেন্দ্র। বিনামূল্যে খাবারের ব্যবস্থাও করা হয়েছে।
দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও ইতোমধ্যে ভারত, নেপাল, শ্রীলংকা, ভুটানসহ বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক পূণ্যার্থী লাঙ্গলবন্দ আসতে শুরু করেছেন। এবার ৫ লক্ষাধিক পুণ্যার্থী এই স্নানে অংশ নেবেন বলে স্নান উদযাপন কমিটি আশা করছে।
জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, অষ্টমীর স্নান উপলক্ষ্যে নিরাপত্তা নিশ্চিতে এক হাজার দুইশ’ পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া র্যাবের টহলও থাকবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে শতাধিক ট্রাফিক পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। ছিনতাই ও চাঁদাবাজি রোধে সাদা পোশাকে আরো দেড় শতাধিক পুলিশ সদস্য নিয়োজিত থাকবে।
