৫টি বিল উঠছে সংসদের আগামী অধিবেশনে
ভোটার তালিকা (সংশোধন) বিলসহ পাঁচটি বিল উঠছে সংসদের আগামী অধিবেশনে।
ভোটার তালিকা (সংশোধন) বিল ছাড়া অন্য যে বিলগুলো সংসদে উত্থাপিত হবে তার মধ্যে রয়েছে, জাতীয় নদী রক্ষা কমিশন বিল, ব্যাংক কোম্পানি (সংশোধন বিল), পার্টনারশিপ (অ্যামেন্ডমেন্ট) বিল ও সোসাইটিস রেজ্রিস্ট্রেশন (অ্যামেন্ডমেন্ট) বিল।
সংসদ সচিব মো. মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, “নতুন বিলগুলোর নোটিস মন্ত্রীদের কাছ থেকে পাওয়া গেছে। বিধি অনুযায়ী এগুলো সংসদে উত্থাপিত হবে।”
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন এবং বিভিন্ন পাবলিক পরীক্ষার সনদে ব্যবহৃত নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভোটার তালিকা (সংশোধন) বিল উত্থাপন করবেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।
এছাড়া ব্যবসায়ে অংশীদারিত্ব নিবন্ধনের ফি বাড়াতে ১৯৩২ সালের এ সংক্রান্ত আইন সংশোধনে পার্টনারশিপ (অ্যামেন্ডমেন্ট) বিল উত্থাপন করা হবে।
আর সংস্থা বা সংগঠনের নিবন্ধনের ফি বাড়াতে ১৮৬০ সালের আইন সংশোধনে উত্থাপন করা হবে সোসাইটিস রেজ্রিস্ট্রেশন (অ্যামেন্ডমেন্ট) বিল।
