২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার দেশের সাংবাদিকদের সঙ্গে তথ্যমন্ত্রীর বৈঠক

ছাপাখানা খুলে দেয়াসহ তিনটি দাবি নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে দেখা করেছেন আমার দেশ পত্রিকার সাংবাদিকরা, যাদের সম্পাদক বর্তমানে কারাগারে রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 02:48 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

ছাপাখানা খুলে দিয়ে পত্রিকা প্রকাশের ব্যবস্থা করা, পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মা মাহমুদা বেগমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং আমার দেশের ছাপাখানার ১৯ কর্মচারীকে মুক্তি দেয়ার দাবি জানান সাংবাদিকরা।

দাবি শুনে তথ্যমন্ত্রী বলেন, দাবিগুলো পূরণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত, এ বিষয়ে আলোচনা করা হবে।

বুধবার সন্ধ্যা ৬টার পর সচিবালয়ে তথ্যমন্ত্রীর কক্ষে যান আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদসহ প্রায় ১৬ জন সাংবাদিক।

বিএফউইজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজীও বৈঠকে ছিলেন।

আমার দেশের বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী সাংবাদিকদের বলেন, “দাবিগুলোর ব্যাপারে তথ্যমন্ত্রী ইতিবাচক মনোভাব দেখিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন।”

সাংবাদিকদের পক্ষ থেকে তথ্যমন্ত্রীকে একটি লিখিত আবেদনও দেয়া হয়।

আবেদনে বলা হয়, পত্রিকা বন্ধ হওয়ায় আমার দেশে কর্মরত তিনশ’ সাংবাদিক-কর্মচারী এবং ঢাকার বাইরে আরো পাঁচশ’ সাংবাদিক-কর্মচারী বেকার হওয়ার উপক্রম। এজন্য ছাপাখানা খুলে পত্রিকা প্রকাশের সুযোগ করে দেয়া উচিত।

তথ্যমন্ত্রী মঙ্গলবার সংবাদ সম্মেলনে দেয়া তার বক্তব্য আবার তুলে ধরে বলেন, আমার দেশ প্রকাশে কোনো বাধা নেই, ইচ্ছা করলে অন্য প্রেসে এ পত্রিকা প্রকাশ করা যাবে।   

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত ১১ এপ্রিল আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের পর পত্রিকাটির ছাপাখানায় তালা ঝুলিয়ে দেয় পুলিশ।

এরপর আমার দেশ কর্তৃপক্ষ জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রামের মগবাজারে আল ফালাহ প্রিন্টিং প্রেসে পত্রিকা ছাপানো শুরু করলে সেখানেও অভিযান চালানো হয়।

রিপোর্টার্স ইউনিটির উদ্বেগ

আমার দেশ পত্রিকার প্রকাশ বন্ধে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান বুধবার এক বিবৃতিতে বলেন, আমার দেশের প্রকাশনা বন্ধের কারণে ডিআরইউ’র ২৪ জন সদস্য ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাদের চাকরি অনিশ্চিত হয়ে পড়েছে।

এই অবস্থায় সংবাদপত্রটি প্রকাশে ইতিবাচক পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে ডিআরইউ।