নাটোরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২
নাটোর সদর উপজেলার ছোটসিংগা গ্রামে তুচ্ছ ঘটনার জেরে বুধবার দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে।
নলডাঙ্গা থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মিলে খেসাড়ী ডাল ভাঙানোকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার ছোটসিংগা গ্রামের ওয়াহেদ আলীর সঙ্গে একই গ্রামের রফিকুল ইসলামের প্রথমে বাকবিতন্ডা হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়।
এর জের ধরে বুধবার সকাল ন’টার দিকে সিংগা মাঠে জমিতে কাজ করতে যাওয়ার সময় ওয়াহেদ আলী ও তার লোকজন রফিকুল ইসলামকে মারধর করে। গ্রামে এ খবর ছড়িয়ে পড়লে সকাল ১০ টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এতে সাইদুর রহমান (৩৫), আফছার আলী (৪২), ওয়াহেদ আলী (৪৫), আনছার আলী (৪৬), দুলাল হোসেন (৩২), রফিকুল ইসলাম (৪৫), সুলতান হোসেন (২৮), আব্দুর রহিমসহ(২৫) উভয় পক্ষের ১২ জন আহত হয়।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
