২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লগারদের বিরুদ্ধে মামলা

হেফাজতে ইসলামের দাবির প্রেক্ষাপটে গ্রেপ্তারের পর শিক্ষক-শিক্ষার্থী ও অনলাইন অ্যাক্টিভিস্টদের প্রতিবাদের মধ্যেই চার ব্লগারের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 10:22 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

আটকের পর দুই সপ্তাহ পর তথ্য প্রযুক্তি আইনে করা এই মামলায় তাদের গ্রেপ্তারও দেখানো হয়েছে।

এই চার ব্লগার হলেন- আসিফ মহীউদ্দিন, সুব্রত অধিকারী শুভ, মশিউর রহমান বিপ্লব ও রাসেল পারভেজ।

মহানগর হাকিম হাসিবুল হকের আদালতে পুলিশ বুধবার ব্লগারদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

আসামিদের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তথ্যপ্রযুক্তিকে ব্যবহার করে ধর্মীয় উস্কানি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে শুভ, বিপ্লব ও রাসেলকে আসামি করে একটি মামলা হয়েছে।

একই অভিযোগে আসিফের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।

বুধবার চার ব্লগারের পক্ষে জামিন আবেদন হলেও আদালত নাকচ করে বলে জানান জ্যোতির্ময় বড়ুয়া।

শাহবাগ আন্দোলনের বিরোধিতাকারী হেফাজত ‘নাস্তিক ব্লগারদের’ গ্রেপ্তারের দাবিতে রাজপথে নামার পর গত ১ এপ্রিল রাতে শুভ, বিপ্লব ও পারভেজকে গ্রেপ্তার করে পুলিশ। এর দুই দিনের মাথায় ৩ এপ্রিল গ্রেপ্তার হন আসিফ।

ইন্টারনেটে কথিত ‘ধর্মীয় উস্কানিমূলক’ লেখালেখির অভিযোগে তাদের আটকের কথা পুলিশের পক্ষ থেকে জানানো হলেও তাদের গ্রেপ্তার দেখানো হয় ৫৪ ধারায়।

এরপর চার ব্লগারকে আদালতের অনুমোদনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসবাদও করে পুলিশ।

চার ব্লগারকে গ্রেপ্তারের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গণজাগরণ মঞ্চ ও অনলাইন অ্যাক্টিভিস্টরা।

তারা বলছেন, এর মধ্য দিয়ে মৌলবাদীদের কাছে সরকারের ‘নতি’ শিকার হয়েছে।

পুরনো খবর:

ব্লগারদের মুক্তির জন্য জন কেরিকে চিঠি
ব্লগার আসিফও গ্রেপ্তার
তিন ‘ব্লগার’ গ্রেপ্তার