রাজশাহী ও রংপুর বিভাগে রোববার হরতাল
আটক নেতাদের মুক্তি দাবিতে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
বুধবার দুপুরে রাজশাহীতে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু এ হরতালের ডাক দেন।
তবে এইচএসসি ও সমমানের পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে বলে জানান তিনি।
বিএনপির রাজশাহী ও রংপুর বিভাগের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করা হয়।
হরতাল ছাড়াও নেতাদের মুক্তির দাবিতে শনিবার রাজশাহী ও রংপুর বিভাগের মহানগর, জেলা, উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ সমাবেশ করবে তারা।
সংবাদ সম্মেলনে বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ ও রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব দুলুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
