কক্সবাজারে কালবৈশাখী, বজ্রপাতে নিহত ৪
কালবৈশাখী ঝড়ে মঙ্গলবার কক্সবাজারে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
গাছ ভেঙ্গে পড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচলে বিঘ্ন ঘটে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
চকরিয়া থানার ওসি রণজিত কুমার বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টার দিকে বজ্রপাতে খুটাখালীতে ইউনিয়নে মারা যান স্থানীয় ফরেস্টপাড়ার সুলতান আহমদের ছেলে জামাল হোসেন (৪০)।
কুতুবদিয়ার স্থানীয় আরিফুল ইসলাম বলেন, দুপুরে বজ্রপাতে মারা যান উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের গৃহবধূ শামসুন নাহার (৫০)।
মহেশখালীর আওয়ামী লীগ নেতা আবদুস সালাম বাঙ্গালী বলেন, বেলা ২টার দিকে বজ্রপাতে মারা যান সিপাহীপাড়ার আলম ফরিদের ছেলে এরশাদুল করিম (২০)।
কক্সবাজার শহরের বাসিন্দা মো. হাবিব বলেন, সকাল ১০ টার দিকে নিজ বাড়িতে বজ্রপাতে গৃহবধূ শাহেনা আকতারের (২৪) মৃত্যু হয়। শাহেনা শহরের বিডিআর ক্যাম্প এলাকার মোহাম্মদ হান্নানের স্ত্রী।
হাবিব বলেন, দুই বছর বয়সী সন্তানকে নিয়ে শাহেনা বাড়ির ওঠানে দাঁড়িয়েছিলেন। বজ্রপাতে আহত হয়ে ঘরে ঢোকার পরই তার মৃত্যু হয়। তবে তার সন্তান সুস্থ আছে।
জেলা প্রশাসন জানায়, দুই দফায় কালবৈশাখী ঝড়ে সদরের খরুলিয়া এলাকায় কয়েকটি গাছ ভেঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে বিকাল ৫টা পর্যন্ত সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
এছাড়া চকরিয়া, কক্সবাজার সদর ও মহেশখালীতে প্রায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় তিন ঘণ্টা পর গাছ সরিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়। বিধ্বস্ত ঘরবাড়ি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
