মে দিবসে টঙ্গিতে শ্রমিক সমাবেশে ভাষণ দেবেন খালেদা
মে দিবস উপলক্ষে টঙ্গিতে শ্রমিক সমাবেশে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ভাষণ দেবেন। স্থানীয় শ্রমিক দল এই সমাবেশের আয়োজন করবে।
মঙ্গলবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গাজীপুর জেলা ও শ্রমিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, এবারও মে দিবসে বিরোধী দলীয় নেতা টঙ্গিতে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখবেন। সমাবেশ করার জন্য সম্ভাব্য কয়েকটি স্থান নিয়ে আলোচনা হয়েছে। জেলা নেতারা স্থান দেখে তা চূড়ান্ত করবেন।
গত বছর মে দিবসে গাজীপুরের কোনাবাড়িতে শ্রমিক দলের সমাবেশে খালেদা জিয়া বক্তব্য রাখেন।
খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে দলের সহ-সভাপতি সাদেক হোসেন খোকা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মজিবুর রহমান সারোয়ার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, জেলা সাধারণ সম্পাদক কাজী সায়েদুর রহমান বাবুল, শ্রমিক নেতা ও দলের নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, হুমায়ুন কবীর, মহানগর শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজ করীম মজুমদার, সালাহউদ্দিন সরকার প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
