২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরা গণভবনের ভাস্কর্য ভাংচুর, আটক ৩

প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় কার্যালয় হিসাবে ব্যবহৃত নাটোরের উত্তরা গণভবনের একটি ভাস্কর্য ভাঙার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 05:41 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

গণপূর্ত বিভাগের দায়িত্বরত কর্মকর্তা আব্দুস সবুর জানান, সোমবার সন্ধ্যায় এ ভাংচুরের ঘটনা ঘটে।

তিনি বলেন, “উত্তরা গণভবনের প্রবেশপথে কালো পাথরের তৈরি পুরনো ওই ভাস্কর্যের কিছু অংশ ভেঙে ফেলেছে দুস্কৃতকারীরা।”   

গণপূর্ত বিভাগ ও নাটোর সদর থানার কর্মকর্তারা জানান, সোমবার বিকেলে দর্শনার্থীদের সঙ্গে ভেতরে ঢুকে কয়েকজন যুবক মূল ভবনের ফটকের কাছে ভাস্কর্যটি ভাঙতে শুরু করেন। ক্লোজড সার্কিট ক্যামেরায় এই দৃশ্য দেখে নিরাপত্তা কর্মীরা ছুটে গিয়ে তিনজনকে আটক করেন।

এরা হলেন- নাটোরের গুরুদাশপুর উপজেলার  মশিন্দা গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে শিমন আলী (২২), আবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২০) ও দুলাল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (২০) ।

খবর পেয়ে জেলা প্রশাসক মো. জাফরউল্লাহ ও অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ ঘটনাস্থলে ছুটে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাত ৮টার দিকে আটক তিনজনকে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।

সদর থানার ওসি আসলাম হোসেন জানান, উত্তরা গণভবনের তত্ত্বাবধায়ক আবুল কাশেম বাদি হয়ে এ ঘটনায় একটি মামলা করেছেন।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯৭২ সালে দিঘাপাতিয়া রাজবাড়ির নাম পরিবর্তন করে ‘উত্তরা গনভবন’ নামকরণ করেন।

জেলা প্রশাসনের অনুমতি নিয়ে দর্শনার্থীরা নাটোর শহর থেকে আড়াই কিলোমিটার দূরে শত বছরের পুরনো এই প্রাসাদ ঘুরে দেখতে পারেন।