ঢাকা-দিল্লি, ঢাকা-হংকং রুটে বিমানের ফ্লাইট চালু হচ্ছে
ঢাকা-নয়া দিল্লি এবং ঢাকা-হংকং রুটে সপ্তাহে দুইদিন ফ্লাইট পরিচালনা করবে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ৪ মে থেকে প্রতি মঙ্গলবার এবং শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে নয়া দিল্লি এবং ১৩ মে থেকে প্রতি সোমবার ও শুক্রবার দুপুর ১২টা ৫৫ মিনিটে হংকংয়ের উদ্দেশে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে।
১৯৯২ সাল থেকে ঢাকা-দিল্লি এবং ১৯৯৩ সাল থেকে ঢাকা-হংকং রুটে ফ্লাইট চালিয়ে আসলেও গত বছর হজ ফ্লাইট পরিচালনা নির্বিঘ্ন করতে এ দুটি রুটে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় বিমান।
বিমানের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা-দিল্লি রুটে ১৬২ আসনের বোয়িং ৭৩৭ এবং ঢাকা-হংকং রুটে ৩১৪ আসনের ডিসি ১০ উড়োজাহাজ চলবে।
এ দুটি রুট চালু হলে বিমানের আন্তর্জাতিক রুট সংখ্যা দাঁড়াবে ১৯ ।
