বুয়েটে তালা, ক্লাস-পরীক্ষা বর্জন চলছে
আজো তালা ঝুলছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ফটকে।
সহপাঠী আরিফ রায়হান দীপের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহ্ত রেখেছে বুয়েটের শিক্ষার্থীরা।
সোমবার সকালে ক্যাম্পাসে ‘বুয়েট পরিবার’ ব্যানারে মানববন্ধন করেছে তারা। মানবন্ধনে কোনো বক্তব্য দেওয়া না হলেও তাদের ব্যানারে হামলাকারী হিসেবে জামায়াত-শিবিরের নাম উল্লেখ করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। ‘আমার বুয়েট হবে না- জঙ্গিবাদের আস্তানা’, ‘শিবির মুক্ত ক্যাম্পাস- জামায়াতমুক্ত প্রশাসন’, ‘শিবির ক্যাডারদের মদদদাতা শিক্ষকদের অপসারণ চাই’ এবং ‘অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে’ ইত্যাদি স্লোগান লেখা ছিল প্ল্যাকার্ডগুলোতে।
গত মঙ্গলবার হলে ঢুকে কুপিয়ে আহত করা হয় যন্ত্র কৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা দীপকে।
হামলার তিন দিন আগে হেফাজতে ইসলামের লংমার্চকারীদের খাবার সরবরাহে হলের এক মসজিদের ইমামকে বাধা দিয়েছিলেন দীপ। ওই ঘটনাকে কেন্দ্র করেই এই হামলা হয়েছে বলে শিক্ষার্থীদের ধারণা।
শহীদ স্মৃতি হলের মসজিদের ওই ইমামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দীপসহ শিক্ষার্থীরা ৬ এপ্রিল রাতেই ছাত্র কল্যাণ পরিষদের পরিচালক দেলোয়ার হোসেনের কাছে দাবি জানান।
দেলোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি জানার পরপরই তিনি ইমাম আব্দুল আলিমকে সাময়িকভাবে বরখাস্ত করেন।
নিজের ছাত্রাবাস নজরুল ইসলাম হলে ৯ এপ্রিল সকাল ১১টার দিকে হামলার শিকার হন দীপ। সেখানে একটি চাপাতি পেয়েছে পুলিশ।
হলের দারোয়ান মো. জাকির হোসেন (৪০) পুলিশকে জানিয়েছে, আনুমানিক ৩০ বছর বয়সী পাজামা-পাঞ্জাবি ও টুপি পরা দাড়িওয়ালা এক ব্যক্তি এই হামলা করে পালিয়ে যায়।
দীপের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বাদি হয়ে মামলা দায়ের, হামলায় জড়িত ছাত্র, শিক্ষক ও কর্মচারী বহিষ্কার, নিরাপত্তা কর্মকর্তার অব্যাহতি দেয়া এবং ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করাসহ নয় দফা দাবিতে শনিবার সকাল থেকে বুয়েটের প্রধান গেটে তালা ঝুলিয়ে বিক্ষো্ভ শুরু করে শিক্ষার্থীরা।
ওই দিন বিকেলে নিরাত্তা কর্মকর্তা গোলাম কুদ্দুসকে প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও শিক্ষার্থীরা তাদের কর্মসূচি অব্যাহ্ত রেখেছে।
