রাঙামাটিতে সাংগ্রাই উদযাপিত
ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রাঙামাটিতে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জল উৎসব উদযাপিত হয়েছে।
সোমবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ঘণ্টা বাজিয়ে উৎসবের সূচনা করেন।
পরে প্রতিমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা ফিতা কেটে এবং একে অপরকে পানি ছিটিয়ে পানি খেলার উদ্বোধন করেন।
এর সঙ্গেসঙ্গেই মারমা তরুণ-তরুণীরা পানি খেলায় মেতে ওঠে।এ সময় পানি খেলার পাশাপাশি মারমাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত ড্যান মজিনা বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে ‘একটি সৌন্দর্য ও যাদু’ বলে আখ্যায়িত করেন।তিনি সাংস্কৃতিক, ধর্মীয় ও জাতিগত ঐক্য বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
মারমা সাংস্কৃতিক সংস্থা (মাসাস) আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।
মাসাসের প্রধান উপদেষ্টা চিংকিউ রোয়াজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা।
স্বাগত বক্তব্যে দেন মাসাসের সভাপতি অংশুপ্রু চৌধুরী।
বান্দরবানে জলকেলি উৎসব
এদিকে সোমবার বিকেল সাড়ে চারটায় পুরাতন রাজার মাঠে মৈত্রীর পানি বর্ষণ উৎসবে মেতে উঠে তরুণ-তরুণীরা।
এটি মারমাদের বাৎসরিক সর্ববৃহৎ সামাজিক আনন্দের উৎসব।পুরনো বছরে জমে থাকা দুঃখ-বেদনা, পাপ-তাপ আর অপবিত্রকে ধুয়ে মুছে নতুন বছরকে পবিত্র করার উৎসব।
তরুণ-তরুণীদের গায়ে পানি ছিটিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন পার্বত্য উন্নয়ন বোর্ড চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) বীর বাহাদুর এমপি।
উৎসবে কয়েকটি দলে বিভক্ত হয়ে অংশ নেয় তরুণ-তরূণীরা। মৈত্রীর পানি বর্ষণে আনন্দে মেতে উঠে তারা।এর আমেজ ছড়িয়ে পড়েছে বান্দরবানের বৌদ্ধ পল্লীগুলোতে।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।পানি উৎসব মঙ্গলবার বিকেলেও চলবে।
