২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঙ্কজের গাড়ির পাশে বিস্ফোরণে ‘জড়িত’ দুজন গ্রেপ্তার

ভারতের হাই কমিশনারের গাড়ি পাশে বোমা বিস্ফোরণ ঘটানোয় জড়িত সন্দেহে দুজন গ্রেপ্তার হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 12:56 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

রোববার রাতে গ্রেপ্তার এই দুজনই জামায়াতে ইসলামীর কর্মী বলে দাবি করেছে পুলিশ।

গত শুক্রবার রাতে খুলনায় পঙ্কজ সরণের গাড়ির ২০ মিটারের মধ্যে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। ওই সময় খুলনায় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করছিলেন তিনি। 

খুলনা সদর থানার ওসি মো. শাহাবুদ্দিন আজাদ সাংবাদিকদের জানান, রোববার গভীর রাতে দৌলতপুর থেকে একজনকে এবং বাইতিপাড়া থেকে অন্যজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- মোল্লা আশরাফুজ্জামান বাবুল (৩৬) ও রফিকুল ইসলাম (২২)।

ওসি বলেন, বাবুল জামায়াতে ইসলামীতে যুক্ত। বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ  ও ভাংচুরের ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।

নগরীর ২৩ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মাওলানা শামসুদ্দোহার ছেলে রফিক ইসলামী ছাত্রশিবিরের কর্মী বলে জানান ওসি।

যুদ্ধাপরাধী এবং এতে অভিযুক্তদের মুক্তি দাবিতে আন্দোলনের কর্মসূচি থেকে সারাদেশে জামায়াত-শিবিরের বোমাবাজি গত কিছুদিন ধরে চলছে।       

এর মধ্যে এই বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছে।

গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন সময় চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।

খুলনার মহানগর হাকিম শেখ আব্দুল আহাদের আদালতে মঙ্গলবার এই আবেদনের শুনানি মঙ্গলবার হবে বলে জানান ওসি।

হাইকমিশনারের ওপর হামলার বিষয়ে নয়া দিল্লি বলেছে, তারা বাংলাদেশি কর্তৃপক্ষের তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে।

এই ঘটনায় কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে নয়া দিল্লি উদ্বিগ্ন নয় বলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

পুরনো খবর:

বাংলাদেশের তদন্তের ফল দেখতে চায় ভারত
ভারতীয় হাই কমিশনারের গাড়ির সামনে বিস্ফোরণ