২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের তদন্তের ফল দেখতে চায় ভারত

খুলনায় রাষ্ট্রদূত পঙ্কজ শরণের গাড়ির পাশে বোমা হামলার ঘটনায় বাংলাদেশের তদন্তে কী ফল আসে, তা দেখার অপেক্ষায় রয়েছে ভারত।

খুলনা প্রতিনিধি

নয়া দিল্লি ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2013, 09:32 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

শুক্রবার সন্ধ্যার ওই ঘটনায় খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে পুলিশ। পুলিশ গুরুত্বের সঙ্গে ঘটনাটি তদন্ত করছে বলে সদর থানার ওসি মো. শাহাবুদ্দিন আজাদ জানিয়েছেন।

খুলনা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এক সভায় পঙ্কজ শরণ অংশ নেয়ার সময় তার গাড়ির কাছে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।

এই বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন শনিবার নয়া দিল্লিতে সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে আমাদের হাই কমিশনের কর্মকর্তারা যোগাযোগ রক্ষা করে চলছে।

“তাদের তদন্তে কী ফল আসে, তা দেখার অপেক্ষায় আছি আমরা। তার আগেই এই সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না যে দূতাবাসের কেউ ওই হামলার লক্ষ্যবস্তু ছিল।”

তিনি জানান, বোমা বিস্ফোরণটি ঘটেছে দূতাবাসের গাড়ির অন্তত ২০ মিটার দূরে এবং ওই গাড়িটিও দূতাবাসের ছিল না, সেটি ভাড়া করা হয়েছিল।

বাংলাদেশে কর্মরত কূটনীতিকদের নিরাপত্তার বন্দোবস্ত যথেষ্ট জানিয়ে মুখপাত্র ভারতের সাংবাদিকদের বলেন, এনিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই।

এদিকে খুলনা সদর থানার ওসি আজাদ সাংবাদিকদের বলেছেন, থানার এসআই মো. জাফর আহমেদ ওই ঘটনায় একটি জিডি করেছেন।

বিস্ফোরণে জড়িত কাউকে গ্রেপ্তার করা না গেলেও অভিযান চলছে বলে ওসি জানান।

বিরোধী দলের হরতালকে কেন্দ্র করে গত কিছুদিন ধরে সারাদেশেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে। তবে রাষ্ট্রদূতের গাড়ির পাশে বিস্ফোরণ সেই রকমই কি না, তা পুলিশ বলতে পারেনি।

পুরনো খবর:

ভারতীয় হাই কমিশনারের গাড়ির সামনে বিস্ফোরণ