ভারতীয় হাই কমিশনারের গাড়ির সামনে বিস্ফোরণ
খুলনায় চেম্বার ভবনের সামনে ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণের গাড়ির সামনে হাতবোমা বিস্ফোরণে তিন জন আহত হয়েছে। হাই কমিশনার তখন ভবনের ভেতরে ছিলেন।
খুলনার সদর থানার ওসি মো. শাহাবুদ্দিন আজাদ জানান, শুক্রবার রাতে মহানগরীর লোয়ার যশোর সড়কে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনের সামনে এ বিস্ফোরণ ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সোয়া ৮টার দিকে চেম্বার ভবনের সামনে রাখা হাই কমিশনারের গাড়ির কাছে পরপর তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।
এতে ভারতীয় হাই কমিশনারকে বহনকারী গাড়ির চালক খোরশেদ আলম, পুলিশ কনস্টেবল লিটন কৃষ্ণ হালদার এবং চেম্বারের এক সদস্যের গাড়িচালক আব্দুল জব্বার বাবু আহত হন।
খোরশেদ আলম খুলনা সিটি কর্পোরেশনের গাড়িচালক। হাই কমিশনারকে বহনকারী গাড়ি চালানোর দায়িত্বে ছিলেন তিনি।
দ্বিপক্ষীয় বাণিজ্য উন্নয়ন বিষয়ক এক সভায় অংশ নিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারতীয় হাই কমিশনার খুলনা চেম্বার ভবনে যান। বৈঠক শুরুর কিছুক্ষণ পর এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশ ও র্যাবের উর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি মো. শাহাবুদ্দিন আজাদ বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
শুক্রবার বিকালে বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌরসভা মিলনায়তনে সিডর দুর্গতদের জন্য তৈরি ঘর হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন পংকজ সরণ।
অনুষ্ঠান শেষে সন্ধ্যায় খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন তিনি।
তবে রাতে বৈঠক শেষে এ ঘটনার পর সাংবাদিকদের কাছে এ নিয়ে কোনো মন্তব্য করেননি শরণ।
খুলনার সিটি ইন হোটেলে রাত কাটিয়ে সকালে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তার।
