মাহমুদুরের বাসায় খালেদা
আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক গ্রেপ্তার মাহমুদুর রহমানের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন খালেদা জিয়া।
রোববার সন্ধ্যায় নয়া পল্টনে বর্ষবরণের অনুষ্ঠানে অংশ নেয়ার পর রাতে গুলশানে মাহমুদুর রহমানের বাড়িতে যান বিএনপি চেয়ারপারসন।
শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত থেকে কারাগারে নেয়া হচ্ছে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে।
খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে তার জ্বালানি বিষয়ক উপদেষ্টা ছিলেন প্রকৌশলী মাহমুদুর। তাকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন।
মাহমুদুর রহমানের বাসায় যাওয়ার সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও সহসভাপতি সাদেক হোসেন খোকা।
বিএনপি নেতারা জানান, বিরোধীদলীয় নেতা মাহমুদুর রহমানের মা, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদা বেগম এবং স্ত্রী ফিরোজা খানের সঙ্গে কথা বলেন। তিনি তাদের খোঁজ-খবর নেন।
