২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাসাসের বর্ষবরণে খালেদা

বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের বর্ষবরণ উৎসবে যোগ দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2013, 11:45 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

বঙ্গাব্দ ১৪২০ এর প্রথম দিন নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।   

সন্ধ্যা ৬টার দিকে খালেদা জিয়ার গাড়িবহর পৌঁছালে কাকরাইল থেকে নেতা-কর্মীদের ডিঙ্গিয়ে তাকে কার্যালয়ের সামনে মঞ্চের কাছে নিয়ে যেতে  নিরাপত্তা কর্মীদের বেগ পেতে হয়।

মঞ্চের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাংস্কৃতিক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, সাংসদ আবুল খায়ের ভূঁইয়া, জাসাস সভাপতি এম এ মালেক বিরোধী দলীয় নেতাকে অভ্যর্থনা জানান।

খালেদা জিয়া মঞ্চের সামনে দর্শক সারিতে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

তিনি আসনে বসার পর নবীন শিল্পী রিনা গান পরিবেশন করেন। এরপর পর্যায়ক্রমে গান পরিবেশন করেন  কণ্ঠশিল্পী বেবী নাজনীন, রিজিয়া পারভিন, বাদশা বুলবুল, মনির খান, হাসান, শিবা সানু।

খালেদা জিয়ার আসার খবরে  বিকাল ৩টা থেকেই নেতা-কর্মীরা নয়া পল্টনে সড়কে জড়ো হতে শুরু করেন। এক পর্যায়ে কার্যালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়।

বিএনপি কার্যালয়ের আশেপাশে নেয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

জাসাসের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও নববর্ষ উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় বৈশাখী মেলার আয়োজন করে। হাতে তৈরি পোশাকসহ বিভিন্ন সামগ্রী স্থান পায় এ মেলায়।

বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি নুরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সহসভাপতি রাবেয়া চৌধুরী, মহানগর সভাপতি সুলতানা আহমেদ, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন এ মেলায় উপস্থিত ছিলেন।