পঞ্চগড়ে হরতালে আহত ব্যক্তির মৃত্যু
শিবিরের ডাকা হরতালে বৃহস্পতিবার পঞ্চগড়ের বোদা উপজেলায় আহত এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিনমজুর আবু তালেব (২৫)। তিনি উপজেলার শালমারি সরকারপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় জামায়াতে ইসলামী নেতাকর্মীরা তালেবকে তাদের কর্মী দাবি করলেও পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, তার সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই।
বোদা থানার ওসি হরেশ্বর রায় বলেন, “সন্ধ্যা ৬টার পর তিনি মারা যান। তিনি জামায়াত বা শিবিরের কর্মী নন।”
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, হরতালের দিন সকালে শিবিরকর্মীরা টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে। এ সময় বাধা দিলে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।
এক পর্যায়ে আবু তালেবের বাড়ির সামনে আব্দুল হাকিম নামের এক ব্যক্তিকে পিটুনি দিচ্ছিল। এ সময় হাকিমকে বাঁচাতে গেলে তালেবও হামলার শিকার হন।
পরে আব্দুল হাকিম ও আবু তালেবকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তালেবের মৃত্যুর খবর এলে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বড়শশী ইউপি চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা রেয়াজুল করিম প্রধান খোকা বলেন, নিহত তালেব দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন। জামায়াতের কোনো কর্মকাণ্ডে তাকে কখনো দেখা যায়নি।
তবে দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রশীদ দাবি করেন, নিহত তালেব ছাত্রাবস্থায় শিবিরের সাথী ছিলেন। পরে তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন।
ইসলামী ছাত্র শিবিরের সভাপতি দেলাওয়ার হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জামায়াতের এই সংগঠনটি।
