২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে গাছ কাটা নিয়ে সংঘর্ষে নিহত ১

মাদারীপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2013, 03:45 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

শুক্রবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের মাহমুদসী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শওকত বেপারী (৩২) মাহমুদসী গ্রামের আসমত বেপারী টুকুর ছেলে বলে মাদারীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান।

তিনি বলেন, বিকেলে মাহমুদসী গ্রামের কালাই শেখ লোকজন নিয়ে একই গ্রামের আজিজুল জমাদারের জায়গার গাছ কাটতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

“দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সংঘর্ষে লিপ্ত হলে আজিজুল জমাদারের পক্ষের শওকত বেপারীসহ উভয়পক্ষের অন্তত ১১ জন আহত হয়।”

আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শওকত বেপারীর মৃত্যু হয় বলে জানান তিনি।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি মনিরুজ্জামান জানান।