‘বিএনপি নয়, সরকারই বাঁকা পথ ধরেছে’
সরকারই নির্বাচনে অনিশ্চয়তা সৃষ্টি করে বাঁকা পথে অগ্রসর হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এক বক্তব্যের জবাবে শুক্রবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে এ প্রতিক্রিয়া জানান তিনি।
বৃহস্পতিবার এক গোলটেবিল বৈঠকে সৈয়দ আশরাফ বলেন, বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় বলে বাঁকা পথে চলছে।
এর জবাবে মোশাররফ বলেন, “তাকে বলব, আমরা সরল পথে আছি। আপনারাই (সরকার) বাঁকা পথে অগ্রসর হচ্ছেন। জাতিকে বিভক্ত করে ঘোলা পানিতে মাছ শিকারের মতো দেশে জরুরি অবস্থা সৃষ্টির ষড়যন্ত্র করছেন।”
সরকারের উদ্দেশ্যে এই বিএনপি নেতা বলেন, “ষড়যন্ত্রের বাঁকা পথ থেকে সরে আসুন। গণতন্ত্রের পথে ফিরে আসুন।”
জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নোয়াখালী-৫ আসনের (কোম্পানিগঞ্জ, কবিরহাট ও সদর পূর্বাঞ্চল) জনগণ’ ব্যানারে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদসহ আটক নেতাদের মুক্তির দাবিতে এই মানববন্ধন হয়।
খন্দকার মোশাররফ অবিলম্বে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, মোহাম্মদ শাহজাহান, রুহুল কবির রিজভী, সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ আটক নেতাদের মুক্তি দাবি জানান।
তিনি বলেন, “একদিকে বিরোধী দলের নেতাদের আটক করা হচ্ছে। অন্যদিকে তারা বিরোধী কন্ঠ রোধ করতে মাহমুদুর রহমানের মতো সম্পাদককে গ্রেপ্তার করছে। এ থেকে প্রমাণ হয়, সরকার দেশে বাকশালী শাসন কায়েম করেছে।”
বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জাকির হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে দলের যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, সাংসদ জয়নাল আবেদীন, আবুল খায়ের ভুঁইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম দোলন, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, সাবেক ছাত্র নেতা সুরঞ্জন ঘোষ ও জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর আবুল হাশেম রানা মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন।
জাতীয়তাবাদী মোটরচালক দলের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের আরেক মানববন্ধন কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার সরকারের উদ্দেশে বলেন, একতরফাভাবে নির্বাচন করা হলে কেবল প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তোলা হবে।
এই মানববন্ধন কর্মসূচিতে যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, নিলুফার ইয়াসমীন মনি, মহিলা দলের সহসভাপতি রাবেয়া সিরাজ প্রমূখ বক্তব্য রাখেন।
শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা মানবন্ধন করে ঢাকা জেলা মৎস্যজীবী দল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া এই মানববন্ধনে অভিযোগ করেন, ‘আবার ক্ষমতায় যেতেই’ আওয়ামী লীগ সরকার সংবিধান থেকে নির্দলীয় সরকার ব্যবস্থা বাতিল করে দেশে ‘মহাসংকট’ সৃষ্টি করেছে।
তিনি বলেন, “সরকারকে অনুরোধ জানাব, দেশে সাংবিধানিক অধিকার অটুট রাখতে অবিলম্বে আটক নেতাদের মুক্তি দিন।”
জেলা মৎস্যজীবী দলের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে এ কর্মসূচিতে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান, আইন বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান খান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সাংসদ সৈয়দ আসিফা আশরাফি পাপিয়া, সাবেক সাংসদ সাইফুল ইসলাম শান্ত, জেলা ছাত্র দল সভাপতি রেজাউল কবীর পল বক্তব্য দেন।
এছাড়া জাতীয় প্রেসক্লাবে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, সহ-সভাপতি সেলিমা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক উপস্থিত ছিলেন।
তারা অবিলম্বে আটক নেতাদের মুক্তি দাবি করেন।
