বিনোদ বিহারী ছিলেন ‘জীবন্ত ইতিহাস’
বিপ্লবী বিনোদ বিহারীর মৃত্যুতে দেশের একটি ইতিহাসের পরিসমাপ্তি ঘটেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের বিশিষ্ট জনেরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিপ্লবী বিনোদ বিহারী ছিলেন পুরো বিংশ শতাব্দী ও একবিংশ শতাব্দীর প্রথম দশকে একটি জীবন্ত ইতিহাস ও প্রবাদ পুরুষ।”
ব্রিটিশ বিরোধী সংগ্রাম থেকে শুরু পরে পরবর্তী সব আন্দোলন সংগ্রামে তার জোরালো ভূমিকা তুলে ধরে এই অধ্যাপক বলেন,
বাঙালির সংগ্রামী চেতনার এক উজ্জ্বল প্রতীক তিনি।
বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক মঈনুল ইসলাম বলেন, তার মৃত্যুতে দেশের একটি ইতিহাসের পরিসমাপ্তি ঘটেছে।
“মাস্টারদা সূর্য সেনকে তার আত্মত্যাগের জন্য আমরা উপমহাদেশের মহানায়ক মনে করি। আর তার সঙ্গে যারা যুদ্ধ করেছেন, তারা আমাদের মুক্তিযুদ্ধের অফুরন্ত প্রেরণার উৎস।”
বিনোদ বিহারীকে ব্যক্তি নয়, একটি প্রতিষ্ঠান হিসেবে দেখেন তার ঘনিষ্ঠজন ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত।
তিনি বলেন, “মৃত্যুর আগ পর্যন্ত তিনি মানুষের জন্য কাজ করে গেছেন। তার এসব কাজের জন্য তিনি একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন।”
কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, “আজকের সমাজে আদর্শবাদী মানুষ খুঁজে পাওয়াটা খুবই বিরল। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তা রক্ষা করে গেছেন।”
বিনোদ বিহারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম, নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেসক্লাব, সিপিবি, বাসদ, ওয়ার্কার্স পার্টি, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্রমৈত্রী, সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ, বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এই বিপ্লবীর মৃত্যুতে শোক জানিয়েছে।
