২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাদিয়ার ওপর হামলায় পুলিশের মামলা

হেফাজতে ইসলামের সমাবেশের সময় একুশে টেলিভিশনের সাংবাদিক নাদিয়া শারমিনের ওপর হামলার ঘটনায় মামলা করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 06:46 PM

Updated : 23 Aug 2022, 10:32 AM

বৃহস্পতিবার রাত ১০টার দিকে এই মামলা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ওই সময়ে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক আনসার আলী।

উপ-পরিদর্শক ইফতেখারুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ৫০-৬০জনকে আসামি করা হয়।

আনসার আলী বলেন, নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

গত ৬ এপ্রিল রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের লংমার্চ পরবর্তী সমাবেশের সংবাদ সংগ্রহ করতে গেলে নাদিয়ার ওপর হামলা চালায় হেফাজতকর্মীরা।

হামলায় আহত নাদিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে বঙ্গবন্ধু মেডিকেলে স্থানান্তর করা হয়।

বঙ্গবন্ধু মেডিকেলের চিকিত্সকরা প্রথমে নাদিয়াকে আশঙ্কামুক্ত উল্লেক করে দুয়েকদিন হাসপাতালে থাকার পরামর্শ দেন। তবে পরে তার অবস্থার অবনতি ঘটলে তার হাসপাতাল-বাস দীর্ঘায়িত হয়। পরে বৃহস্পতিবার বাসায় ফিরেন তিনি।

নারী হওয়ার কারণেই হামলার মুখে পড়তে হয় বলে নাদিয়া জানিয়েছেন।

এদিকে হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা নূর হোসাইন কাসেমী।

পুরনো খবর:

হাসপাতালে সাংবাদিক নাদিয়ার পাশে দুই মন্ত্রী
গণমাধ্যমকর্মীদের ওপর হেফাজতের হামলা