২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরার ডাকাতের হামলায় চিংড়ি ঘের মালিক নিহত

সাতক্ষীরায় ডাকাতদের দায়ের কোপে আহত এক চিংড়ি ঘের মালিক মারা গেছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 01:59 PM

Updated : 23 Aug 2022, 10:32 AM

বুধবার রাতে ঘের মালিক আব্দুর রশিদকে কুপিয়ে আহত করে ডাকাতরা। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

রশিদ সদর উপজেলার মাছখোলা গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় তার ছেলে আলী হোসেন বাদী হয়ে হত্যাসহ দুটি মামলা করেছেন বলে জানান সদর থানার ওসি আমান উল্লাহ আমান।

মামলার বরাত দিয়ে তিনি জানান, আমতলা এলাকায় রশিদের দুটি চিংড়ি ঘের আছে। বুধবার রাতে উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামের কামরুল, জাকির হোসেন ও তার ভাই আবুল কাশেম, সাদ্দাম হোসেন, হাসান বিশ্বাসসহ একদল ডাকাত রশিদের ঘেরে মাছ নিতে আসলে তিনি বাধা দেন।

এ সময় ডাকাতরা ঘের থেকে লক্ষাধিক টাকার মাছ লুট করে এবং রশিদকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে আশপাশের ঘেরের লোকজন তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়।