২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে ফেনীতে শিবিরের বোমাবাজি-ভাংচুর

হরতালে ফেনীতে বোমাবাজি ও ভাংচুরের পর ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 12:49 PM

Updated : 23 Aug 2022, 10:32 AM

এতে চার পুলিশসহ অন্তত ১২ জন আহত হয়েছে। বিভিন্ন স্থান থেকে ১০ শিবিরকর্মীকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংগঠনের সভাপতি দেলওয়ার হুসেনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডাকে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবির। 

এ হরতাল প্রত্যাখ্যান করে শহরে বিক্ষোভ মিছিল করেছে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো।

হরতালের সমর্থনে সকাল থেকে বিভিন্ন সড়কে নামে শিবিরকর্মীরা। তারা সড়কে গাছের গুঁড়ি ফেলে রাখে এবং ভাংচুরও চালায়।

সকাল সাড়ে ১০টার দিকে জেলা জামায়াতের কার্যালয়ের পাশে জামিয়াতুল ফালাহিয়া মাদ্রাসা ও পাঠান বাড়ি সড়কে পিকেটিংরত শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে।

ফেনীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) শামছুল আলম সরকার সাংবাদিকদের বলেন, শিবিরকর্মীরা পুলিশকে বহনকারী একটি হিউম্যান হলারে আগুন দেয়ার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়া হয়।

সেখানে সংঘর্ষে ফেনী মডেল থানার কনস্টেবল আবদুল লতিফ (৬০), ছানা উল্লাহ (৪৫)সহ চার পুলিশ এবং আট শিবিরকর্মী আহত হয়।

এরপর শিবিরকর্মীরা জামিয়াতুল ফালাহিয়া মাদ্রাসায় অবস্থান নিলে পুলিশ মাদ্রাসার ছাত্রাবাসে অভিযান চালায়। সেখান থেকে পাঁচজনকে আটক এবং পাঁচটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করা হয় বলে এএসপি শামছুল আলম জানান।

এর আগে শিবিরকর্মীরা শহরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল, শহীদুল্লাহ কায়সার সড়কে ঝটিকা মিছিল করে অন্তত ২৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

পিকেটাররা টায়ারে আগুন জ্বালিয়ে ও সড়কে গাছের গুঁড়ি ফেলে গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। ওই সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশায় আগুন দেয়া হয়, ভাংচুর হয় একটি ট্রাকসহ পাঁচটি গাড়ি।

সেখানে ধাওয়া করে পুলিশ চারজনকে আটক করে।

এছাড়া সোনাগাজী উপজেলায় শিবিরকর্মীরা একটি সিএনজি অটোরিকশা এবং একটি হিউম্যান হলার ভাংচুর করে বলে স্থানীয়রা জানায়। সেখানে আটক হয়েছেন একজন শিবিরকর্মী।